ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানায় ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে কোন অপরাধ না করেও নাইমুদ্দীনের ওপর পুলিশ হামলা চালিয়েছে। রাস্তা ঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে, এই অধিকার কার দিয়েছে। মানুষ কি এখন নিরাপদে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না। শিক্ষার্থীরা ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।

