ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু চালু করা হটলাইন ও ওয়েবসাইটে শুরু থেকেই ব্যাপক সাড়া মিলেছে। মাত্র পাঁচ দিনের মধ্যে ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, “আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এটি প্রমাণ করে, আপনি পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করার জন্য আমরা বদ্ধপরিকর।”
পোস্টে মন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়েছেন এবং দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতের নিজের ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রী চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যান্য অনিয়ম নির্মূলে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন। অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বর প্রকাশ করা হয়।

