প্রকৌশলী রমানাথ পূজারি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এই তথ্য নিশ্চিত করেছে বিআইএফপিসিএল তাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে।
দায়িত্ব গ্রহণের আগে তিনি রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপি) প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছিলেন।
একই সময়ে তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। এখানে তিনি প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে এমএসটিপিপি-তে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বেড়ে যায় এবং পরিবেশগত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ নিশ্চিত হয়।
এছাড়া স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়নে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
রমানাথ পূজারি ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তার বাড়ি সেখানেই। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই. ডিগ্রি অর্জন করেছেন এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন। এছাড়া তিনি ভারতের আহমেদাবাদে আইআইএম ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছেন।
১৯৮৯ সালে তিনি এনটিপিসিতে যোগদান করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎখাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনেও তিনি সফল। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

