ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তিনি আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজ্জাত আলী জানান, তিনি তাঁর পদত্যাগপত্র পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে পাঠিয়েছেন। আপাতত তিনি দায়িত্বে আছেন। সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন চালিয়ে যাবেন। তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত ও পারিবারিক’।
সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক কমিশনার নিয়োগ দেওয়া হলো।
চুক্তির মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দিলেন। ডিএমপির কমিশনার হওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
গতকাল মঙ্গলবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির।
তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি পেয়ে আইজিপি হয়েছেন। আজ তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এ পদে তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।

