লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় হুমায়ুন কবির বলেন, হাইকমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এটিকে ‘সুখবর’ বলেও উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সিলেটি ও ইংরেজি মিশিয়ে তিনি সাংবাদিকদের বলেন, লন্ডনের হাইকমিশনে দীর্ঘদিন ধরে এমন আচরণ করা হচ্ছিল যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে বিভক্ত করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হাইকমিশনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল।
পরে ইংরেজিতে তিনি বলেন, “হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”
তবে আবিদা ইসলামকে প্রত্যাহারের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অফিস আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে রদবদলের অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়।
লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন তিনি।

