সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে দেশের ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আসছে। নতুন নিয়মে ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে দৈনন্দিন আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। সামগ্রিকভাবে এটি কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক পদক্ষেপের একটি অংশ বলে জানিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ আগের তুলনায় অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।

