চলতি বছরের প্রথম প্রান্তিকে চলতি ও সঞ্চয়ী হিসাব (সিএএসএ) খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এই সময়ে ব্যাংকটির নিট আমানত বেড়েছে ২ হাজার ১০০ কোটি টাকা, যা এ খাতে তাদের অন্যতম শক্তিশালী পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের আস্থা ধরে রাখা, সম্পর্কভিত্তিক ব্যাংকিং কৌশল এবং বৈচিত্র্যময় তহবিল কাঠামো গড়ে তোলার ফলেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত ৩১০টি শাখা ও উপ-শাখার কার্যক্রম এবং উন্নত ডিজিটাল সেবাও এতে বড় ভূমিকা রেখেছে।
এই প্রবৃদ্ধির ফলে স্বল্প খরচে তহবিল সংগ্রহে ব্যাংকের সক্ষমতা আরও বাড়বে। এতে শিল্প খাত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে ঋণ বিতরণ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ সাফল্য উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। তিনি বলেন, সিএএসএ প্রবৃদ্ধি একটি স্থিতিশীল ব্যালান্স শিট গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্জন গ্রাহকদের আস্থা ও ব্যাংকের টিমওয়ার্কের প্রতিফলন। তিনি আরও জানান, ভবিষ্যতে তহবিলভিত্তি আরও শক্তিশালী করে ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটি সক্রিয় ভূমিকা রাখতে চায়।

