ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে টিয়ার-৪ ক্লাউড প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ডাটা সেন্টার ব্যবস্থাপনা ও কম্পিউটিং সক্ষমতা উন্নয়নে প্রতিষ্ঠানটি রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান অ্যাক্সেন্টেক পিএলসি–এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং অ্যাক্সেন্টেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অ্যাক্সেন্টেক সম্প্রতি দেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টেড টিয়ার-৪ মানের ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে, যা উচ্চমানের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সেবা এবং শক্তিশালী ডাটা প্রসেসিং সক্ষমতার জন্য পরিচিত। এই প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক তাদের প্রযুক্তিগত অবকাঠামো আরও আধুনিক ও দক্ষ করে তুলতে চায়।
চুক্তির আওতায় ব্যাংকটি ক্লাউডভিত্তিক সেবার মাধ্যমে ডাটা সংরক্ষণ, নিরাপত্তা এবং সিস্টেম পরিচালনায় উন্নত সুবিধা পাবে। পাশাপাশি ভবিষ্যতের চাহিদা অনুযায়ী দ্রুত সেবা সম্প্রসারণের সক্ষমতাও বাড়বে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে ব্যাংকের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে এবং গ্রাহকদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সহজ হবে।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার এবং অ্যাক্সেন্টেকের সিনিয়র জেনারেল ম্যানেজার ইস্তিয়াক আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতে নিরাপদ ও নির্ভরযোগ্য ক্লাউড ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের নতুন দিগন্ত তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

