দেশে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে ফি বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আন্তঃব্যাংক লেনদেনের চার্জ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক এবং আপাতত এ ফি পরিবর্তনের কোনো উদ্যোগ নেই।
তিনি বলেন, দেশের ৪৬টি ব্যাংক নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবা দিচ্ছে। একই ব্যাংকের ভেতরে অর্থ স্থানান্তরের (ইনট্রাব্যাংক) ক্ষেত্রে ফি সংশ্লিষ্ট ব্যাংক নিজেই নির্ধারণ করে এবং তা তাদের চার্জ তালিকায় উল্লেখ থাকে।
অন্যদিকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ পাঠানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি প্ল্যাটফর্ম চালু রয়েছে। এর মধ্যে বিইএফটিএন ব্যবস্থায় বিনা খরচে লেনদেন করা যায়। আরটিজিএস ব্যবস্থায় প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০০ টাকা (ভ্যাটসহ) এবং এনপিএসব ব্যবস্থায় সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাটসহ) ফি প্রযোজ্য।
অর্থমন্ত্রী আরও বলেন, এসব চার্জ নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আওতায় পরিচালিত হয় এবং গ্রাহকদের সুবিধা বিবেচনায় রেখেই তা নির্ধারণ করা হয়।

