দেশের অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ২৪ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নুরুল আমিন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। প্রায় ৪২ বছরের কর্মজীবনে তিনি ব্যাংক খাতের একজন দক্ষ ও পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
নতুন দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংক পরিচালনায় কৌশলগত পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব এবং খাতের উন্নয়নে অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বেও ছিলেন নুরুল আমিন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭৭ সালে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি দেশ-বিদেশে ব্যাংকিং ও আর্থিক বিষয়ে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও ডিপ্লোমা সনদ অর্জন করেছেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, নুরুল আমিনের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশ কৃষি ব্যাংকের সুশাসন জোরদার, কার্যক্রমের আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

