‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় মাত্র ৩৮ কর্মদিবসে বড় সাফল্য অর্জন করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সময়ে ব্যাংকটি নতুন আমানত সংগ্রহ করেছে মোট ১ হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকা।
ব্যাংক সূত্রে জানা যায়, এ সময়ে সংগৃহীত আমানতের মধ্যে রিটেইল ডিপোজিটের পরিমাণ ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা। করপোরেট ডিপোজিট এসেছে ৪৮৬ কোটি ৪৬ লাখ টাকা এবং এসএমই খাতে জমা হয়েছে ১০৪ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে ব্যাংকটি। ২০২৬ সালের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ মাসে প্রায় ৬৬৫ কোটি টাকার নগদ আদায় সম্পন্ন করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের আস্থা ও সক্রিয় অংশগ্রহণই এই সাফল্যের মূল ভিত্তি। আধুনিক ব্যাংকিং সেবা ও সমন্বিত উদ্যোগের ফলে আমানত প্রবৃদ্ধি ও ঋণ আদায়—দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল এসেছে।
ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, এই অর্জন গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকটি দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।
ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, মাত্র ৩৮ দিনে এই সাফল্য পরিকল্পিত উদ্যোগ, বাস্তবায়ন দক্ষতা ও দলগত কাজের ফল। ভবিষ্যতে আরও উন্নত ডিজিটাল সেবা চালুর মাধ্যমে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, সব পর্যায়ের কর্মীদের সমন্বিত প্রচেষ্টা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এই ধারা বজায় থাকবে।

