সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোমবার পৃথক দুটি চিঠির মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।
নিয়োগ অনুযায়ী, ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন কাজী শায়রুল হাসান। একই মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন আবেদুর রহমান সিকদার। তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে।
নতুন চেয়ারম্যান কাজী শায়রুল হাসান আগে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, এমডি হিসেবে নিয়োগ পাওয়া আবেদুর রহমান সিকদার ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।
আমানত সংকট ও তারল্য ঘাটতির কারণে সমস্যায় থাকা কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে নতুন এই ব্যাংক গঠন করা হয়। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে।
নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা এসেছে আমানতকারীদের জমানো অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তরের মাধ্যমে।
গত বছরের ৩০ নভেম্বর এই ব্যাংক গঠনের অনুমোদন দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন নেতৃত্ব নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আরও সুসংগঠিত ও স্থিতিশীল করার আশা করা হচ্ছে।

