সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মো. খান সুবায়েল বিন রফিক। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় এ নতুন সংযোজন আনা হয়েছে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী।
ড. সুবায়েল সাবেক সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্পোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন পেশাজীবী হিসেবে পরিচিত।
শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে অপারেশনাল ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
গবেষণা ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। আন্তর্জাতিক জার্নালে তার বহু গবেষণা প্রকাশিত হয়েছে। এলসেভিয়ারের ২০২৫ সালের মূল্যায়নে তিনি বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পান বলে জানা যায়।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন প্রযুক্তি ও উন্নয়ন প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। দেশীয় পর্যায়ে বৈদ্যুতিক দুই চাকার যান তৈরির উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি গবেষণা ও নীতিনির্ধারণী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, সম্প্রতি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক।
নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অংশ আমানতকারীদের অর্থ শেয়ারে রূপান্তরের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে একীভূত ব্যাংকটির কার্যক্রমকে স্থিতিশীল ও কাঠামোগতভাবে শক্তিশালী করার চেষ্টা চলছে।

