এবি ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মুহম্মদ নজরুল ইসলাম। পদোন্নতির আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দীর্ঘ ব্যাংকিং ও মানবসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞ মুহম্মদ নজরুল ইসলাম কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের লাইফ ফেলো এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের সাবেক সভাপতি হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। তার পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস তাকে বিশ্বের শীর্ষ ১০০ মানবসম্পদ নেতার একজন হিসেবে সম্মানিত করে।
শিক্ষাজীবনে মুহম্মদ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। ব্যাংকিং খাতে তার এই পদোন্নতিকে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

