ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকলেও অর্থের অভাবে যারা উদ্যোগ নিতে পারছেন না, এমন তরুণদের পাশে দাঁড়াতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এই কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর অর্ধেক অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে। বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংকঋণ হিসেবে, যার সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া অর্থও সুদমুক্ত ঋণে পরিণত হবে। এরপর প্রচলিত ব্যাংকিং নিয়ম অনুযায়ী হিসাবটি খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাকে ঋণখেলাপি হিসেবে বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে নতুন ঋণ পাওয়ার সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ বা ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, শনাক্তকরণ ও অর্থায়ন কর্মসূচি’ চালুর ঘোষণা দেয়। কর্মসূচিটির লক্ষ্য হলো দেশের উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং তাদের অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ ও ব্যবসা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এটি কোনো প্রচলিত প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক আয়োজন নয়। বরং তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। ব্যাংকগুলো আবেদনকারীর ব্যবসায়িক ধারণা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং প্রস্তাবিত ব্যবসার সম্ভাব্যতা যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করবে।
কর্মসূচিটি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ থেকে সার্কুলারের মাধ্যমে জারি করা হবে। সার্কুলার জারির এক মাসের মধ্যে আবেদন গ্রহণ শুরু হবে। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলা থেকে অন্তত ১০ জন তরুণ উদ্যোক্তাকে ব্যাংকের মাধ্যমে অর্থায়নের জন্য নির্বাচন করা হবে।
প্রথম ধাপে দেশের আট বিভাগের একটি করে জেলা বেছে নেওয়া হয়েছে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি শুরু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হবেন।
পরবর্তীতে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচি সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধারাবাহিকভাবে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
এই কর্মসূচির ঋণ অংশের অর্থ আসবে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পুনঃঅর্থায়ন স্কিম থেকে। আর অনুদানের অর্থ দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে। এ জন্য নতুন কোনো আলাদা তহবিল গঠন করা হবে না।
আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। ব্যবসার পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, বিভিন্ন সেবা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসা এই কর্মসূচির আওতায় থাকবে। আবেদন করার জন্য কোনো ফি দিতে হবে না।
যোগ্য আবেদনকারীরা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির পর এক মাসের মধ্যে আবেদন জমা দিতে হবে।
‘উদ্যোগ’ কর্মসূচি শুধু ঋণ বা অনুদান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও উন্নয়নের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ পরামর্শদাতাদের মাধ্যমে নিয়মিত দিকনির্দেশনা, ব্যবসা নিবন্ধনে সহায়তা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহযোগিতা এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, একটি সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠলে তার ব্যবসার মাধ্যমে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি হতে পারে। ফলে উপজেলা পর্যায়ে নতুন ব্যবসা গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান বাড়ানো এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসাইন খান, সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকীসহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

