রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে ধরে রাখতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ১০টি পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ ঠিক রাখতে এলসি খোলায় অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এর মেয়াদ থাকবে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি সহজ করা, মূল্য সহনীয় রাখা এবং প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলার বিপরীতে সংরক্ষণযোগ্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন রাখতে বলা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে কয়েকটি পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর জারি করা আরেকটি সার্কুলারে রমজানের চাহিদা বিবেচনায় কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন রাখার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনার কার্যকারিতা ছিল ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এবার আসন্ন রমজানকে সামনে রেখে একই ধরনের সুবিধা আবার চালু করল কেন্দ্রীয় ব্যাংক।
নগদ মার্জিন কমলে আমদানিকারকদের এলসি খোলার সময় আগাম নগদ অর্থের চাপ কমে। এতে তাঁরা সহজে ও দ্রুত পণ্য আমদানি করতে পারেন। ফলে রমজানের আগে বাজারে সরবরাহ বাড়ার সুযোগ তৈরি হয়। তবে এই সুবিধার সুফল শেষ পর্যন্ত ভোক্তা পর্যন্ত পৌঁছাবে কি না, তা নির্ভর করবে বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং আমদানিকারকদের দায়বদ্ধতার ওপর।
সংশ্লিষ্টদের মতে, এলসিতে সুবিধা দিলেও ডলারের সরবরাহ, বৈশ্বিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়ার ওঠানামা দেশের বাজারে প্রভাব ফেলতে পারে। তাই শুধু ঋণপত্রে ছাড় নয়, সময়মতো পণ্য আনা ও মজুতদারি রোধেও সমান নজর দেওয়া জরুরি। এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া গেলে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

