দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একই সঙ্গে খেলাপি ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো মূলধনও নেই ব্যাংকগুলোর হাতে। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। ফলে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি, এই দুই সংকটেই চাপে রয়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থা।
গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। আজ শনিবার রাজধানীর শ্যামলীতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুনে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। এই উচ্চ হার ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। মূলধন পরিস্থিতিও সমান উদ্বেগজনক। প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ব্যাংক খাতের ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা আটকে আছে।
অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ সত্যিই অস্বাভাবিক। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। এর চেয়েও বড় সমস্যা হলো ব্যাংক খাতের সামগ্রিক মূলধন ঋণাত্মক হয়ে পড়া। অর্থাৎ ঋণজনিত ক্ষতি মোকাবিলায় যে মূলধন থাকা দরকার, সেখানেও বড় ঘাটতি রয়েছে। তিনি জানান, খেলাপি ঋণের শ্রেণিবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায়, এর বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।
এই ঋণ সংকটের প্রকৃতি নিয়ে আহসান হাবিব নিজের ব্যক্তিগত মূল্যায়নও তুলে ধরেন। তাঁর মতে, ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম ও অপরাধের বিষয় জড়িত। তিনি বলেন, এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংককেও ভূমিকা রাখতে হবে।
ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রসঙ্গ তুলে তিনি বলেন, খেলাপি ঋণের একটি বড় অংশ ইচ্ছাকৃত খেলাপির ফল। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্টদের কাছেও স্বীকৃত। কিন্তু এর দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ব্যাংক কর্মকর্তা, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলোকে। ঋণ বিতরণের সঙ্গে যুক্ত ছিলেন না, এমন অনেক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীও এর পরিণতি ভোগ করছেন। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। তাঁর ভাষ্য, সার্বিকভাবে পুরো অর্থনীতিই এর দায়ভার বইছে, কারণ দেশের অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর আর্থিক ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে।
ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের চিত্রে বড় পার্থক্য দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ, বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে এই হার সবচেয়ে বেশি, ৫৮ দশমিক ৯ শতাংশ। এসব ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ এবং ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।
আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমছে। প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। অথচ একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমেছে। অর্থাৎ ব্যাংকে টাকা জমছে, কিন্তু তা বিনিয়োগে যাচ্ছে না।
সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচকও প্রতিবেদনে উঠে এসেছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ এবং নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, সামগ্রিকভাবে অতিরিক্ত তারল্য থাকলেও এতে দুর্বল ব্যাংকগুলোর সংকট আড়ালে পড়ে যেতে পারে।
আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ঘাটতি স্পষ্ট। মার্চে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ৭ দশমিক ২৮ শতাংশ, লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ। গ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।
সংকট মোকাবিলায় প্রতিবেদনে কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি ব্যাংকগুলোর নগদ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে ব্যাংক রেজোলিউশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রতিবেদনের তথ্য ব্যাংক খাতের সংকটের গভীরতা স্পষ্ট করছে। খেলাপি ঋণের বড় অংশ প্রকৃত ব্যবসায়িক ব্যর্থতা নয়, বরং অনিয়ম ও ইচ্ছাকৃত খেলাপির ফল হলে সমাধানের পথও শুধু ব্যাংকিং নীতিতে সীমাবদ্ধ থাকবে না। এর জন্য আইনি ব্যবস্থা, জবাবদিহি ও কার্যকর ঋণ আদায়ের উদ্যোগ জরুরি। আদালতের স্থগিতাদেশে আটকে থাকা বিপুল অর্থ উদ্ধারও বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। একদিকে আমানত বাড়ছে, অন্যদিকে ঋণ প্রবাহ কমছে, ফলে অর্থনীতির চাকা ঘোরানো কঠিন হয়ে পড়ছে। তাই রেজোলিউশন আইনের কার্যকর প্রয়োগ এবং মূলধন পুনরুদ্ধারের সময়সীমা মানা এখন ব্যাংক খাতের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

