রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই অর্থের তুলনায় ঋণ বিতরণে তেমন গতি নেই। এক বছরে এসব ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। বিপরীতে ঋণের স্থিতি বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকা। ফলে ব্যাংকগুলোর হাতে ঋণ দেওয়ার বিপুল সক্ষমতা অব্যবহৃত থেকে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
ব্যাংক ছয়টি হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে এসব ব্যাংকের মোট আমানত ছিল ৪ লাখ ৮৬ হাজার কোটি টাকার কিছু বেশি। চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে প্রায় ১১ শতাংশ। অথচ একই সময়ে ঋণের স্থিতি বেড়েছে ১ শতাংশেরও কম।
ঋণ বিতরণের ধীরগতির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাতে (এডিআর)। এই অনুপাত দিয়ে বোঝা যায়, ব্যাংকে জমা হওয়া অর্থের কতটা ঋণ হিসেবে ব্যবহার হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত এডিআর নেমে এসেছে প্রায় ৬০ শতাংশে। এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর সবচেয়ে কম, ৪৮ শতাংশ। অন্যদিকে জনতা ব্যাংকের এডিআর সর্বোচ্চ ৮১ শতাংশ। এফআইডির হিসাব অনুযায়ী, প্রচলিত ব্যাংকগুলোর জন্য নির্ধারিত সীমার তুলনায় ঋণ দেওয়ার সক্ষমতা কম ব্যবহার করায় ছয় ব্যাংকের অব্যবহৃত ঋণ দেওয়ার সুযোগ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। তবে এটি ব্যাংকগুলোর হাতে পড়ে থাকা নগদ অর্থ নয়, বরং বিদ্যমান নিয়মের মধ্যে আরও ঋণ দেওয়ার সক্ষমতা।
ঋণ বিতরণ কম থাকার পেছনে বিনিয়োগে ধীরগতি, উচ্চ সুদহার ও অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বলছেন ব্যাংকাররা। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার জানান, বড় ঋণের পরিবর্তে ছোট উদ্যোক্তা, কৃষি, নতুন ও নারী উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ঋণ অবলোপনের কারণে সামগ্রিক ঋণের স্থিতিতে পরিবর্তন আসছে। গ্যাস-বিদ্যুতের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা এবং যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়ায় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও জবাবদিহির আশঙ্কায় সতর্কতা বেড়েছে।
এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও সাধারণ মানুষের আস্থার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বেশি আসে। তবে দ্রুত সেবা ও তুলনামূলক নমনীয়তার কারণে বড় ব্যবসায়ীদের একটি অংশ বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দক্ষতা বাড়ানো, ঋণসেবার পরিধি সম্প্রসারণ এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন।
ঋণ বিতরণ বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে উৎপাদনশীল খাতে অর্থায়ন সম্প্রসারণের নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশেষ করে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, কৃষক, নারী উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ীদের ঋণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ঋণের মান ও ঝুঁকি যাচাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার নির্দেশনাও রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন শেষে ছয় ব্যাংকের সিএমএসএমই ঋণের পরিমাণ গত ডিসেম্বরের তুলনায় প্রায় ২ শতাংশ কমে ৫৬ হাজার কোটি টাকায় নেমেছে। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলো সম্মিলিতভাবে প্রায় ৪ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে, যা জাতীয় লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ।

