দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্র বা লোকাল এলসির তথ্য আদান-প্রদান দ্রুত ও সাশ্রয়ী করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা ‘বার্তা’ নামের এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয়ভাবে তাৎক্ষণিকভাবে লোকাল ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য বিনিময় করতে পারবে। এতে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানি চুক্তি বা মাস্টার এক্সপোর্ট এলসির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান হবে এ ব্যবস্থায়। এতে ব্যাংকগুলোর মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে।
বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের পশ্চাৎমুখী সংযোগ শিল্প বা ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠানগুলো এ উদ্যোগ থেকে সুবিধা পাবে। এসব প্রতিষ্ঠান পোশাকসহ বিভিন্ন রপ্তানিপণ্যের জন্য স্থানীয়ভাবে সুতা, কাপড় ও অন্যান্য কাঁচামাল সরবরাহ করে। লোকাল এলসির তথ্য দ্রুত আদান-প্রদান করা গেলে তাদের লেনদেন ও অর্থপ্রাপ্তির প্রক্রিয়াও সহজ হতে পারে।
নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সরাসরি লোকাল এলসির তথ্য পর্যবেক্ষণ করতে পারবে। ফলে তথ্য সংগ্রহের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরতা কমবে এবং তদারকি আরও কার্যকর হবে। এতে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অনিষ্পন্ন রপ্তানি আয়ের পরিমাণ কমানো এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়ানোর সুযোগ তৈরি হবে।
তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এপিআইভিত্তিক যাচাই, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন ও ফায়ারওয়ালের পাশাপাশি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখানে শুধু তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন, কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।
প্রাথমিক পর্যায়ে ‘বার্তা’র পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। নতুন প্ল্যাটফর্মটি পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হওয়ার পর ধাপে ধাপে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

