২০২৭ সালে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ছুটি তিন দিন বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরে মোট ৩১ দিন ছুটি পাবেন তাঁরা। এর মধ্যে পবিত্র রোজার ঈদে টানা পাঁচ দিন এবং কোরবানির ঈদে ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে।
২০২৬ সালে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি ছিল ২৮ দিন। নতুন তালিকায় তিন দিন ছুটি বাড়ার পেছনে রয়েছে তিনটি সংযোজন। ৫ মার্চ জুমাতুল বিদা, ২০ মে বুদ্ধপূর্ণিমা এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি যুক্ত হয়েছে।
আগের বছর জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন ছিল। ২০২৭ সালে জুমাতুল বিদার জন্য ৫ মার্চ এক দিন এবং রোজার ঈদে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালে বুদ্ধপূর্ণিমা ১ মে পড়ায় মে দিবসের সঙ্গে একই দিনে ছিল। ২০২৭ সালে মে দিবস ১ মে এবং বুদ্ধপূর্ণিমা ২০ মে নির্ধারিত হয়েছে। যদিও ২০ মে কোরবানির ঈদের ছুটির মধ্যেই পড়েছে। অন্যদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি নতুন তালিকায় যুক্ত হয়েছে।
২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা
১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
রোজার ঈদ উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
কোরবানির ঈদ উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ছুটি থাকবে।
বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে।

