ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রভাব শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নেই; এর ঢেউ আঘাত হানছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে, যার ফলে বিশ্বজুড়ে বাণিজ্য কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়ালা সতর্ক করে বলেছেন, বর্তমান বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গত প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সংস্থাটির মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, বিশ্বব্যবস্থা ও বহুপাক্ষিক সহযোগিতার যে কাঠামো এতদিন পরিচিত ছিল, তা এখন মৌলিকভাবে পরিবর্তিত হয়ে গেছে।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বিশ্ব যে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি, তা অস্বীকার করার সুযোগ নেই। বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট হতে শুরু করেছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জন্য উচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি বাজারের এই অস্থিরতা দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতিশীলতাকে আরও দুর্বল করে দিতে পারে।

