বাংলাদেশ থেকে আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত দেশের কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশি আলু আমদানির অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
ভিয়েতনামের নিয়ম অনুযায়ী, কোনো দেশ থেকে আলু আমদানি করতে হলে সংশ্লিষ্ট দেশের পক্ষকে নির্দিষ্ট প্রক্রিয়ায় নিবন্ধন করতে হয়। জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্তোষজনক মনে হলে তবেই অনুমোদন দেওয়া হয়। এই প্রক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ ২০২৫ সালের মে মাসে উদ্যোগ নেয়। হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয় যৌথভাবে নিবন্ধনের কাজ সম্পন্ন করে। সব ধাপ সফলভাবে শেষ হওয়ায় এখন বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির জন্য যোগ্যতা অর্জন করেছে।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই অনুমোদন দেশের আলু রপ্তানিকারকদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। এতে কৃষকরাও লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, ভিয়েতনামে আলুর চাহিদা উল্লেখযোগ্য। ফলে এই রপ্তানি কার্যক্রম দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য উন্নত করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে তিলসহ অন্যান্য কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

