বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বড় ধরনের মালিকানা পরিবর্তনের ঘটনা ঘটতে যাচ্ছে। দেশের বৃহত্তম টেলিযোগাযোগ টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান এডটকো বাংলাদেশের প্রায় ১৭ হাজার টাওয়ার এবার ১.২ বিলিয়ন মার্কিন ডলারের একটি আঞ্চলিক অধিগ্রহণ চুক্তির আওতায় আসছে। অস্ট্রেলিয়াভিত্তিক একটি বিনিয়োগ জোট এ অধিগ্রহণ কার্যক্রম পরিচালনা করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি গ্রুপের সম্পদ ব্যবস্থাপনা শাখার নেতৃত্বাধীন একটি জোট এডটকো গ্রুপের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের টেলিযোগাযোগ টাওয়ার ব্যবসা অধিগ্রহণে সম্মত হয়েছে। দেশগুলো হলো বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কম্বোডিয়া।
গত সেপ্টেম্বর পর্যন্ত এডটকো বাংলাদেশে প্রায় ১৭ হাজার টাওয়ার পরিচালনার তথ্য পাওয়া গেছে। এসব টাওয়ার দেশের বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় অবকাঠামোগত সেবা দিয়ে থাকে। টাওয়ার নির্মাণ, মালিকানা ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের মোবাইল যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২৩ নভেম্বর প্রকাশিত ম্যাককুয়ারি গ্রুপের বিবৃতি অনুযায়ী, অধিগ্রহণের আওতায় থাকা পাঁচটি দেশের ব্যবসা বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হবে। ফিলিপাইনে এডটকো টাওয়ার্স ইনকরপোরেটেড অধিগ্রহণ করবে ম্যাককুয়ারি এশিয়া-প্যাসিফিক ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ৪। প্রতিষ্ঠানটি এডটকো গ্রুপ, এডটকো ইনভেস্টমেন্টস (লাবুয়ান) এবং অ্যাক্সিয়াটা গ্রুপের কাছ থেকে এ ব্যবসা অধিগ্রহণ করবে। অন্য তিন দেশের পাশাপাশি বাংলাদেশের ব্যবসাও জোটের অন্যান্য সদস্য অধিগ্রহণ করবে।
এই চুক্তির ফলে বাংলাদেশের বিস্তৃত টেলিযোগাযোগ টাওয়ার অবকাঠামো একটি বৃহত্তর আঞ্চলিক বিনিয়োগ কার্যক্রমের অংশ হতে যাচ্ছে। তবে বাংলাদেশের ব্যবসার জন্য আলাদাভাবে কত অর্থ নির্ধারণ করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে মালয়েশিয়ার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অ্যাক্সিয়াটাও এডটকো মালয়েশিয়ায় তাদের মালিকানার একটি অংশ বিক্রির পরিকল্পনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে রবি আজিয়াটার মূল মালিকানাধীন গোষ্ঠী। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, মালয়েশিয়ার রাষ্ট্রীয় সম্পদ তহবিল খাজানা ন্যাশনালের একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছে এডটকো মালয়েশিয়ায় নিজেদের প্রায় ১৫.৬৪৫ শতাংশ মালিকানা বিক্রি করবে অ্যাক্সিয়াটা। এর সঙ্গে আরও কিছু চুক্তিও রয়েছে।
লেনদেনগুলো সম্পন্ন হলে এডটকো মালয়েশিয়ায় অ্যাক্সিয়াটা ও খাজানা ন্যাশনালের প্রত্যেকের কার্যকর মালিকানা দাঁড়াবে প্রায় ৪৭.৩৫৫ শতাংশে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে মালয়েশিয়ার টাওয়ার পরিচালনা কার্যক্রমের নিয়ন্ত্রণ নেবে।
অ্যাক্সিয়াটার প্রত্যাশা, এসব লেনদেনের মাধ্যমে প্রায় ২.২ বিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত বা ৫৩৪.৪ মিলিয়ন মার্কিন ডলারের মোট অর্থ পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এ অর্থ ঋণের বোঝা কমাতে এবং আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

