দেশের জ্বালানি ব্যবস্থাকে আরও কার্যকরভাবে নজরদারি ও সমন্বয় নিশ্চিত করতে সরকার সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আজ শনিবার (২৮ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি নিজস্বভাবে ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্য জেলা ও বিভাগীয় শহরগুলোতে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের অধীনে থাকা প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে এ তথ্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে।

