রাশিয়ার জ্বালানি আমদানিতে আবারও সাময়িক ছাড় পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক জ্বালানি বাজারে টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্ত দেশের সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য কিনতে নতুন করে ৬০ দিনের অনুমতি দিয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই ছাড়ের ফলে চলমান সংকট পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ কিছুটা কমতে পারে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ১১ এপ্রিল থেকে এই ছাড় কার্যকর হয়েছে এবং তা ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। একই দিনে মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে।
এর আগে, ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি কেনার ক্ষেত্রে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল। সেই অনুমতির মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। তবে ওই ছাড়ের শর্ত ছিল ভিন্ন। শুধুমাত্র যেসব দেশ ঘোষণার আগে রাশিয়ার তেল জাহাজে তুলেছিল এবং যেসব জাহাজ তখন সমুদ্রে ছিল, তাদের ক্ষেত্রেই তা প্রযোজ্য ছিল।
সেই কারণে আগের ছাড় থেকে বাংলাদেশ কোনো সুবিধা পায়নি। কারণ তখন রাশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো তেলবাহী জাহাজ সমুদ্রে ছিল না।

