দেশের জ্বালানি চাহিদা পূরণে আবারও বড় চালান আসছে চট্টগ্রাম বন্দর-এ। আগামী কয়েক দিনে পাঁচটি জাহাজে করে আসবে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল। সংশ্লিষ্টরা বলছেন, এই আমদানিতে অন্তত কয়েক দিনের জন্য জ্বালানি সরবরাহে স্বস্তি মিলতে পারে।
শিপিং তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় ১২ হাজার ৫০০ টন ডিজেল এবং ১ হাজার ৫০০ টন জেট ফুয়েলের প্রয়োজন হয়। সেই হিসাবে নতুন চালানে আসা ডিজেল দিয়ে প্রায় ১১ দিনের এবং জেট ফুয়েল দিয়ে ২১ দিনেরও বেশি সময়ের চাহিদা পূরণ সম্ভব।
জাহাজগুলোর আগমন শুরু হবে ২০ এপ্রিল থেকে। ওইদিনই তিনটি জাহাজ বন্দরে ভিড়বে। বাকি দুটি জাহাজ পৌঁছাবে ২১ ও ২৩ এপ্রিল। এই চালানের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং।
শিডিউল অনুযায়ী, ২০ এপ্রিল রাত ২টায় ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘গোল্ডেন হরাইজন’। একই দিন বেলা ১১টায় মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে পৌঁছাবে ‘এফপিএমসি ৩০’। বিকেল ৩টায় ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়বে ‘প্যাসিফিক ইনডিগো’।
পরদিন ২১ এপ্রিল দুপুরে মালয়েশিয়া থেকে ৩২ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘হাফনিয়া চিতা’। আর ২৩ এপ্রিল দক্ষিণ কোরিয়া থেকে ৩২ হাজার টন জেট এ-১ ফুয়েল নিয়ে নোঙর করবে ‘ক্সিং তং ৭৯৯’।
শিপিং শিডিউল নিশ্চিত করে প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, সব জাহাজই নিজ নিজ লোডিং পোর্ট থেকে যাত্রা শুরু করেছে। বড় কোনো বিঘ্ন না হলে নির্ধারিত সময়েই বন্দরে পৌঁছানোর কথা।
এর আগে ১৭ এপ্রিল চারটি জাহাজে করে ১ লাখ ৩৬ হাজার টন ডিজেল ও অকটেন আসে একই বন্দরে। ওই চালানে ছিল ১ লাখ ৯ হাজার টন ডিজেল, যা প্রায় ৯ দিনের চাহিদা মেটাতে সক্ষম। পাশাপাশি ২৭ হাজার টন অকটেন দিয়ে প্রায় ২২ দিনের চাহিদা পূরণ সম্ভব। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ টন অকটেনের চাহিদা রয়েছে।

