অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ কমেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বিশ্লেষণে দেখা যাচ্ছে, মানুষের আয় বা মজুরি বাড়ার গতি মূল্যবৃদ্ধির হারের চেয়ে কম। ফলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে পিছিয়ে পড়ছে আয়, আর এর প্রভাব পড়ছে মানুষের ক্রয়ক্ষমতায়।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট।
তবে মজুরির চিত্র তুলনামূলক বেশি উদ্বেগজনক। সিপিআই তথ্য বলছে, অক্টোবরে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। এক মাসে মজুরি প্রবৃদ্ধি কমেছে ০ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট। ফলে অক্টোবরে মজুরি প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি ০ দশমিক ৬৪ শতাংশ পয়েন্ট বেশি থেকে গেছে।
এক বছর আগের সঙ্গে তুলনা করলে চিত্রটি আরও স্পষ্ট হয়। ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ এবং মজুরি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ০৩ শতাংশ। এক বছরে মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ১০ শতাংশ পয়েন্ট, আর মজুরি প্রবৃদ্ধি কমেছে ০ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট। অর্থাৎ দামের সঙ্গে তাল মেলাতে না পেরে উল্টো পিছিয়ে যাচ্ছে মানুষের আয়।
খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতের চিত্র ভিন্ন। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ এবং আগের বছরের অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। চাল, ডালসহ নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু সেই স্বস্তি ঢাকা পড়ে যাচ্ছে খাদ্যবহির্ভূত খাতের ব্যয়বৃদ্ধিতে।
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, আর ২০২৫ সালের অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। মাসের ব্যবধানে এ খাতে মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট, বছরের ব্যবধানে বেড়েছে ০ দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট। বাসস্থান, জ্বালানি, পরিবহন ও সেবা খাতের বাড়তি ব্যয় এর অন্যতম কারণ।
উপখাতগুলোর মধ্যে সবচেয়ে বড় লাফ দেখা গেছে বাসস্থান, পানি, বিদ্যুৎ ও গ্যাসে। এ খাতে মূল্যস্ফীতি অক্টোবরে ১১ দশমিক ৩৮ শতাংশে উঠেছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৮১ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৭ দশমিক ৮১ শতাংশ। পরিবহন ও যাতায়াত খাতে মূল্যস্ফীতি ১০ দশমিক ৩২ শতাংশ। সেপ্টেম্বরে তা ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ, আর এক বছর আগে ৬ দশমিক ৮০ শতাংশ।
বাসার বাইরে খাবার ও আবাসন খাতে মূল্যস্ফীতি অক্টোবরে ১৪ দশমিক ১৭ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বরে ছিল ১৩ দশমিক ২৬ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ১০ দশমিক ৪৪ শতাংশ। পোশাক ও জুতা খাতে মূল্যস্ফীতি ১০ দশমিক ৫৭ শতাংশ, আর তামাক ও মাদকদ্রব্যজাতীয় পণ্যে ১২ দশমিক ৬৭ শতাংশ।
শহরের তুলনায় গ্রামে চাপ কিছুটা বেশি। গ্রামাঞ্চলে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশ। সেখানে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে উঠেছে। সেপ্টেম্বরে তা ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ, আর গত বছরের অক্টোবরে ৯ দশমিক ৪১ শতাংশ।
শহরাঞ্চলে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ২৫ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ৮ দশমিক ৯২ শতাংশ।
অর্থনীতির তিন প্রধান খাতের কোনোটিতেই মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির হারকে ছুঁতে পারেনি। কৃষি খাতে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৫৫ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ৮ দশমিক ১৩ শতাংশ। বছরের ব্যবধানে এ খাতে মজুরি প্রবৃদ্ধি কমেছে ০ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট।
উৎপাদন ও নির্মাণ নিয়ে গঠিত শিল্প খাতে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬২ শতাংশ। সেপ্টেম্বরে তা ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ এবং ২০২৫ সালের অক্টোবরে ৭ দশমিক ৯৭ শতাংশ। বছরের ব্যবধানে এ খাতে কমেছে ০ দশমিক ৩৫ শতাংশ পয়েন্ট। সেবা খাতেও বছরের ব্যবধানে মজুরি বৃদ্ধির হার কমেছে ০ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন কালবেলাকে বলেন, মজুরি প্রবৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় বেশি থাকায় মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে। তাঁর মতে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে পৌঁছানোয় বাসাভাড়া, জ্বালানি, পরিবহন ও চিকিৎসার মতো অপরিহার্য খরচ সামলাতে পরিবারগুলোকে বেশি টাকা ব্যয় করতে হচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সামগ্রিক চাপ কমেনি।
ফাহমিদা খাতুন আরও বলেন, এ অবস্থায় মানুষ সঞ্চয় কমাচ্ছে এবং পুষ্টিকর খাবার ও চিকিৎসা ব্যয় সংকুচিত করছে। কেউ কেউ ঋণ করেও সংসার চালাচ্ছেন। গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি হলে কৃষক ও গ্রামীণ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা উন্নত করা এবং বাজার তদারকি জোরদারের পরামর্শ দেন। পাশাপাশি বাসাভাড়া, পরিবহন ও জ্বালানির ব্যয় কমানোর উদ্যোগ এবং নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা বাড়ানোর কথাও বলেন তিনি। তাঁর মতে, মজুরির নিয়মিত পর্যালোচনা, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়িয়ে আয় বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে। প্রকৃত আয় না বাড়লে মূল্যস্ফীতি কমার সুফল পরিবারগুলোর কাছে পৌঁছাবে না।
সব মিলিয়ে অক্টোবরের তথ্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। গড় মূল্যস্ফীতির সামান্য হ্রাস সাধারণ মানুষের জন্য বাস্তব স্বস্তি আনছে না, কারণ খাদ্যের বাইরের অপরিহার্য ব্যয় বাড়ছে এবং মজুরি সেই গতিতে বাড়ছে না। নীতিনির্ধারকদের জন্য তাই শুধু মূল্যস্ফীতির হার কমানো নয়, বরং আয় ও ব্যয়ের ব্যবধান কমানোই এখন বড় চ্যালেঞ্জ।

