নগদ টাকার ব্যবহার যত বাড়ে, অর্থের হিসাব আড়ালে রাখার সুযোগও তত বাড়ে। ঘুষ, চাঁদাবাজি, কর ফাঁকি কিংবা অর্থ আত্মসাতের মতো অপরাধে নগদ লেনদেনের চিহ্ন খুঁজে বের করা প্রায়ই কঠিন হয়ে যায়। উল্টো দিকে ডিজিটাল ব্যবস্থায় প্রতিটি লেনদেনের উৎস, গন্তব্য ও অঙ্ক নথিবদ্ধ থাকে। ফলে অনিয়ম ধরা এবং জবাবদিহি নিশ্চিত করা সহজ হয়।
এ কারণে নগদ টাকার ব্যবহার কমিয়ে সব ধরনের আর্থিক লেনদেন কিউআর (কুইক রেসপন্স) কোডের আওতায় আনা গেলে দুর্নীতি ও আর্থিক অনিয়ম অনেকটাই কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশে এ ব্যবস্থার প্রধান ভরসা বাংলা কিউআরের লেনদেন সম্প্রতি প্রত্যাশামতো এগোচ্ছে না।
দুর্নীতি দমনের বাইরেও ডিজিটাল লেনদেনের বিস্তারে আরও সুবিধা মিলতে পারে। অর্থনীতির একটি বড় অংশ আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর মধ্যে এলে সরকারের রাজস্ব বাড়ার সুযোগ তৈরি হয়। ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারেন। নগদ টাকা বহন, সংরক্ষণ ও ভাংতি করার ঝামেলাও কমে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা সামাজিক বৈষম্য কমানোর মতো বড় লক্ষ্যে পৌঁছাতে কিউআরের পাশাপাশি কার্যকর অর্থনৈতিক নীতি ও সুশাসনও জরুরি।
বিশ্বের নানা দেশে ছোট-বড় প্রায় সব কেনাকাটায় কিউআরের ব্যবহার বাড়ছে। প্রতিবেশী ভারতের হায়দরাবাদে সম্প্রতি দেখা গেছে, রাস্তার ছোট দোকান থেকে বড় বিপণিবিতান, রেস্তোরাঁ, চায়ের দোকান এমনকি ফল ও সবজির বাজারেও কিউআর স্ক্যান করে দাম মেটানো হচ্ছে। পাঁচ টাকার চা বা ২০ টাকার পণ্য কিনতেও ক্রেতারা মোবাইলে কোড স্ক্যান করছেন। কলা, পেঁয়াজ, আলু ও মরিচের মতো নিত্যপণ্যের বিক্রেতারাও ডিজিটাল পেমেন্ট নিচ্ছেন।
এই ব্যবস্থার বড় সুবিধা হলো, দোকানদারকে একাধিক ব্যাংকে আলাদা হিসাব খুলতে হয় না। একটি ব্যাংকে হিসাব থাকলেই তিনি কিউআরভিত্তিক লেনদেন করতে পারেন। ক্রেতাও যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার হিসাব দিয়ে টাকা পরিশোধ করতে পারেন। ভারতে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবা একসঙ্গে যুক্ত থাকায় এটি সম্ভব হয়েছে। পরিবহনসহ নানা সেবার ভাড়া মেটাতেও মানুষ নগদের বদলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করছেন। ফলে কিউআর এখন আর শুধু আধুনিক বিপণিবিতানের প্রযুক্তি নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ।
বাংলাদেশের অর্থনীতিতে দুর্নীতি ও অনিয়মের একটি বড় সুযোগ তৈরি হয় হিসাববিহীন নগদ লেনদেনে। সরকারি কেনাকাটা, ব্যবসায়িক লেনদেন, সেবা গ্রহণ কিংবা ব্যক্তিপর্যায়ে বড় অঙ্কের টাকার আদান-প্রদানে নগদের সুযোগ থাকলে অর্থের প্রকৃত উৎস ও গন্তব্য লুকিয়ে রাখা সহজ হয়। কিউআর কোডে লেনদেন হলে কে কাকে কত টাকা দিলেন, কখন দিলেন এবং কোন হিসাব থেকে দিলেন, এসব তথ্য সংরক্ষিত থাকে। ফলে ঘুষ, অবৈধ কমিশন, আত্মসাৎ বা কর ফাঁকির ঘটনা তদন্তে প্রমাণ পাওয়া সহজ হতে পারে।
চাঁদাবাজি ঠেকাতেও ডিজিটাল লেনদেন ভূমিকা রাখতে পারে। বাজার, পরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাকেন্দ্রে নগদে জোর করে টাকা আদায়ের সুযোগ কমলে অর্থপ্রবাহের ওপর নজরদারি বাড়ে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিয়মিত অবৈধভাবে টাকা তুললে ডিজিটাল রেকর্ড তদন্তের সূত্র হিসেবে কাজ করতে পারে। তবে ডিজিটাল মাধ্যমেও জোর করে টাকা আদায়ের ঘটনা ঘটার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনীতির প্রকৃত চিত্রও স্পষ্ট হয়। বাজারের কোথায় কত লেনদেন হচ্ছে, কোন খাতে অর্থপ্রবাহ বাড়ছে বা কোথায় অস্বাভাবিক লেনদেন ঘটছে, এসব তথ্য নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। পণ্য কেনাবেচা ডিজিটাল ব্যবস্থায় এলে ব্যবসায়িক হিসাবে স্বচ্ছতা বাড়ে। করের আওতার বাইরে থাকা অনেক ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতিতে আসার সুযোগ পায়। এতে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি বাজার তদারকি ও পরিকল্পনা আরও তথ্যনির্ভর হতে পারে। তবে শুধু কিউআর দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। পণ্যের উৎপাদন, সরবরাহ, আমদানি ব্যয়, মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনাও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে।
সামাজিক বৈষম্য কমাতেও এর ভূমিকা থাকতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানি, কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের লেনদেনের ইতিহাস তৈরি হলে ভবিষ্যতে তাঁদের ব্যাংকঋণ ও অন্যান্য আর্থিক সেবা পাওয়ার সুযোগ বাড়তে পারে। ফলে যাঁরা এত দিন আনুষ্ঠানিক ব্যাংকিংয়ের বাইরে ছিলেন, তাঁরাও অর্থনীতির মূল ধারায় যুক্ত হতে পারবেন।
লেনদেনের ধরনও বদলেছে ধাপে ধাপে। একসময় আধুনিক লেনদেনের প্রধান মাধ্যম ছিল এটিএম এবং ডেবিট ও ক্রেডিট কার্ড। এরপর এসেছে পয়েন্ট অব সেল বা পস মেশিন, মোবাইল আর্থিক সেবা, ই-কমার্স ও ডিজিটাল ওয়ালেট। এখন সেই ধারায় যুক্ত হয়েছে কিউআরভিত্তিক লেনদেন। কার্ডে লেনদেনের জন্য দোকানে পস মেশিন বসাতে ও তা রক্ষণাবেক্ষণ করতে হয়। কিউআরের ক্ষেত্রে একটি স্টিকার বা ডিসপ্লেই যথেষ্ট। তাই ছোট মুদি দোকান, ওষুধের দোকান, চায়ের স্টল কিংবা ফুটপাতের ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল পেমেন্ট নিতে পারেন।
বাংলাদেশে এই পরিবর্তনকে এগিয়ে নিতে চালু হয়েছে বাংলা কিউআর। ২০২৬ সালের ১ জুলাই থেকে মার্চেন্ট পর্যায়ে এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়। লক্ষ্য ছিল বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার আলাদা আলাদা কিউআরের বদলে একটি অভিন্ন ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এখনো এটি প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি।
বাংলাদেশ ব্যাংকের গত মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসের তথ্য বলছে, মে মাসের শেষ দুই সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক গড়ে ২০ থেকে ৩০ কোটি টাকার লেনদেন হতো। অক্টোবরের প্রথম সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ১৩৫ কোটি টাকায়। এরপর আবার কমতে শুরু করে। অক্টোবরের শেষ সপ্তাহে দৈনিক লেনদেন নেমে আসে ১১৯ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, লেনদেনের গতি কেন কমল, তা তাঁরাও বুঝতে পারছেন না। তিনি জানান, বাধা দূর করে লেনদেন বাড়ানোর চেষ্টা চলছে এবং বাংলা কিউআরকে সর্বজনীন করতে প্রয়োজনে আরও উদ্যোগ নেওয়া হবে।
গত জুলাইয়ে মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর চালুর পর একই বিক্রেতার দোকানে একাধিক ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান চার-পাঁচটি পর্যন্ত কিউআর কোড বসায়। এতে একক ও সহজ ব্যবস্থার বদলে কিছু জায়গায় জটিলতা তৈরি হয়। এ ছাড়া মার্চেন্ট হিসাব ব্যবহার করে নগদ টাকা তোলার প্রবণতা দেখা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকেই কিউআরভিত্তিক লেনদেনের গতি কমেছে।
বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতাদের দোকানে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা দেওয়া হচ্ছে। মার্চেন্ট পয়েন্টে কিউআর স্থাপনকারী প্রতিষ্ঠান লেনদেনের শূন্য দশমিক ১০ শতাংশ এবং গ্রাহকের পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান শূন্য দশমিক ২০ শতাংশ প্রণোদনা পাচ্ছে। তবু লেনদেন প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে তাঁরা কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এতে নিয়মিত হিসাব খোলা ও লেনদেন বাড়ছে বলে তিনি জানান। তাঁর মতে, সবাই এগিয়ে এলেই সেবাটির প্রবৃদ্ধি ঘটবে।
বিশেষজ্ঞদের মতে, কিউআরকে জনপ্রিয় করতে হলে এটিকে শুধু ব্যাংকিং সেবা হিসেবে দেখলে চলবে না। দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর আন্তসংযোগ নিশ্চিত করতে হবে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী যেন একটি ব্যাংকে হিসাব খুলেই একটি কিউআর কোডের মাধ্যমে সব প্রতিষ্ঠানের গ্রাহকের কাছ থেকে টাকা নিতে পারেন। একইভাবে ক্রেতাও যেন যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএসের হিসাব দিয়ে সেই কোডে টাকা দিতে পারেন।
এ জন্য বিকাশ, নগদ ও রকেটের মতো বড় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ নিবন্ধন, কম খরচে লেনদেন, নিরাপদ প্রযুক্তি ও ব্যবহারবান্ধব অ্যাপ জরুরি। ইন্টারনেটের দুর্বলতা, ডিজিটাল জ্ঞানের অভাব ও সাইবার প্রতারণার ঝুঁকি মোকাবিলায়ও কার্যকর উদ্যোগ নিতে হবে। নগদ টাকা বহনের ঝুঁকি কমানো, জাল নোট ঠেকানো, ভাংতির ঝামেলা দূর করা এবং লেনদেনের হিসাব রাখার ক্ষেত্রেও কিউআর বড় ভূমিকা রাখতে পারে।
তবে কিউআর চালু করলেই দুর্নীতি, চাঁদাবাজি বা বৈষম্য রাতারাতি দূর হবে না। এর জন্য ডিজিটাল লেনদেনের পাশাপাশি সুশাসন, কার্যকর নজরদারি, আইনের প্রয়োগ এবং আর্থিক খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিশ্বের অনেক দেশ যখন ছোট-বড় সব লেনদেনে কিউআরকে জনপ্রিয় করছে, তখন বাংলাদেশেও এ ব্যবস্থাকে সর্বজনীন করার সময় এসেছে। পাঁচ টাকার চা থেকে কোটি টাকার ব্যবসায়িক লেনদেন, সবকিছু একটি স্বচ্ছ ও আন্তসংযুক্ত ডিজিটাল কাঠামোর আওতায় আনা গেলে অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে।

