এম এস রহমান, পাবনা প্রতিবেদক-
পেঁয়াজের ভান্ডার হিসাবে পরিচিত পাবনায় কৃষকের সংরক্ষণ করা পেঁয়াজে পঁচন দেখা দিয়েছে। আবার বাজারেও হঠাৎ দাম কমেছে পেঁয়াজের। দুইয়ে মিলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। উৎপাদন খরচ তোলা নিয়ে দিশেহারা তারা। পেঁয়াজ বিক্রি করে নতুন করে আবাদে নামতে এবার লোকসানে মুখে পড়তে হচ্ছে কৃষকদের।
সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসকে বলা হয় পেঁয়াজের সংকটকালীন সময়। দাম থাকে আকাশচুম্বি। সংকট কাটাতে বাইরে থেকে আমদানি করতে হয় পেঁয়াজ। এ সময়ে বাজারে স্বস্তি ফিরিয়ে আনে নতুন উঠা মুড়ি কাটা পেঁয়াজ।
অথচ এবারের চিত্র ভিন্ন। গত রোববার পাবনার প্রধান পেঁয়াজের হাট সুজানগরে গিয়ে দেখা যায়, প্রচুর পরিমান পুরাতন শুকনো মজুদকৃত পেঁয়াজের আমদানি হয়েছে হাটে। কিন্তু নজিরবিহীন দরপতনে দিশেহারা সংকটকালীন সময়ের জন্য পেঁয়াজ মজুদকারী কৃষকেরা। সংরক্ষণ করা পেঁয়াজে পঁচন ধরায় লোকসান বাড়ছে।
কৃষকরা জানান, গত বছর যেখানে এই সময়ে এ হাটে একমন পেঁয়াজ বিক্রি হয়েছে ৬ থেকে ৭ হাজার টাকায়, অথচ এবার সে পেঁয়াজে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১ শো টাকা মন দরে। ভালো দাম পাওয়ার আশায় তারা সংকটকালীন সময়ের জন্য পেঁয়াজ মজুদ করেছিলেন। উৎপাদন খরচ বাদেও প্রায় ছয় মাসের সংরক্ষন খরচ ও শুকিয়ে ওজন কমে যাওয়ায় মন প্রতি খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ খরচের এক তৃতীয়াংশ দামও পাচ্ছেন না তারা।
এদিকে আর মাত্র ৩ সপ্তাহ পরেই হাট বাজারে উঠতে শুরু করবে দেশি মুড়িকাটা পেঁয়াজ। বাজারের এমন দর পতনে হতাশ পেঁয়াজ চাষীরাও। বর্ধিত মূল্যে কৃষি উপকরণ কিনে পেঁয়াজ চাষ করে চরম লোকসানের আশঙ্কা করছেন তারা। তাই সরকারি সহায়তা চান তারা।
এ সময়ে পেঁয়াজের এমন দরপতনকে নজিরবিহীন উল্লেখ করে কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকের সংরক্ষণ পদ্ধতির ত্রুটির কারণে পেঁয়াজে পঁচন ধরতে পারে। তবে তা বাজারে দামে কোনো প্রভাব ফেলবে না।
সট: জাহাঙ্গীর আলম প্রামানিক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা।
কৃষি বিভাগের তথ্য মতে, পাবনায় এবার ৫৪ হাজার হেক্টর জমিতে আবাদের বিপরীতে উৎপাদন হয়েছে ১০ লাখ মেট্রিক টন। উদ্বৃত্ত ছিল প্রায় ৪ লাখ টন। কৃষকের ঘরে এবং কৃষি বিপনন অধিদপ্তরের ৩শটি সংরক্ষণাগারে পেঁয়াজের মজুদ ছিল প্রায় এক লাখ টন।

