Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের ১৮% শুল্ক: ধাক্কা সামলাতে পারবে বাংলাদেশ, নাকি বদলাতে হবে রপ্তানির কৌশল
    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রের ১৮% শুল্ক: ধাক্কা সামলাতে পারবে বাংলাদেশ, নাকি বদলাতে হবে রপ্তানির কৌশল

    রাকিবুল ইসলামনভেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এআই জেনারেটেড প্রতীকী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) বাংলাদেশের সব ধরনের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশের শিল্প সম্প্রসারণ পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা, শ্রম অধিকার সুরক্ষায় ঘাটতি এবং বিদেশি কাঁচামালের ওপর নির্ভরতার কারণে তৈরি পোশাকসহ বিভিন্ন উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি হয়েছে। এতে মার্কিন উৎপাদকদের প্রতিযোগিতার সুযোগ কমছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

    বর্তমানে বাংলাদেশের পোশাকের ওপর গড় এমএফএন শুল্ক প্রায় ১৫.৬২ শতাংশ। এর সঙ্গে জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক যোগ হয়ে মোট গড় হার দাঁড়িয়েছে ২৫.৬২ শতাংশে। নতুন প্রস্তাব কার্যকর হলে আগের ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের জায়গায় সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে। সে ক্ষেত্রে সাধারণ এমএফএন শুল্কসহ মোট গড় হার বেড়ে প্রায় ৩৩.৬২ শতাংশে পৌঁছাতে পারে। তবে পণ্যভেদে প্রকৃত শুল্কের হার আলাদা হবে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তাবের ওপর জনমত নেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত শুল্কের হার পরিবর্তনও হতে পারে। দুই দেশের আলোচনা ও চুক্তির প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে বিকল্প হিসেবে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিও বিবেচনায় রাখছে ইউএসটিআর।

    মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে জানিয়েছেন, নতুন ও পুরোনো শুল্ক সরাসরি যোগ করে হিসাব করা হবে না। অর্থাৎ নতুন শুল্ক কার্যকর হলে তা জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ শুল্কের জায়গা নেবে। কিন্তু তাতে মূল উদ্বেগ দূর হচ্ছে না। যুক্তরাষ্ট্রের বাজারে নীতির সামান্য পরিবর্তনেই যদি বাংলাদেশের রপ্তানিকারকদের দুশ্চিন্তা বাড়ে, তাহলে সমস্যাটি কি শুধু ওই বাজারকে ঘিরে, নাকি আমাদের রপ্তানি কাঠামোর মধ্যেই বড় কোনো দুর্বলতা রয়েছে?

    মার্কিন বাজারে পোশাকের সামগ্রিক চাহিদাও কমেছে

    ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে গেছে ৯ দশমিক ০৪ বিলিয়ন ডলারের পণ্য, যা মোট রপ্তানির প্রায় ১৯ শতাংশ। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তবে শুধু তৈরি পোশাকের বাজার বিবেচনা করলে চিত্র ভিন্ন। এ খাতের রপ্তানির প্রায় ৪৯.২৫ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে। অর্থাৎ একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ক্রেতা হলেও আঞ্চলিক বাজার হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ওপর বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরতা বেশি।

    শুধু বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বা রপ্তানির সমস্যাই এর কারণ নয়,

    মার্কিন বাজারে পোশাকের সামগ্রিক চাহিদাও কমেছে।

    গত অর্থবছরের আরেকটি তথ্যও গুরুত্বপূর্ণ। ওই সময়ে বাংলাদেশের মোট রপ্তানি সামান্য কমেছে, প্রায় ০.৫৮ শতাংশ। অথচ যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে প্রায় ৪ শতাংশ। বিপরীতে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমেছে ৩.৩১ শতাংশ। অর্থাৎ যে বাজার নিয়ে এখন সবচেয়ে বেশি উদ্বেগ, গত অর্থবছরে সেই বাজারই বাংলাদেশের রপ্তানি আয়ে ইতিবাচক অবদান রেখেছে এবং সামগ্রিক পতনের চাপ কিছুটা কমাতে সহায়তা করেছে।

    তবে, যুক্তরাষ্ট্রের নিজস্ব আমদানি পরিসংখ্যান সংস্থা ওটেক্সার হিসাবে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে সাড়ে ৫ শতাংশের বেশি। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ। অর্থাৎ শুধু বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বা রপ্তানির সমস্যাই এর কারণ নয়, মার্কিন বাজারে পোশাকের সামগ্রিক চাহিদাও কমেছে।

    চীন পিছিয়ে পড়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠেছিলো

    আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতারা শুধু শুল্কের হার দেখেন না, প্রতিযোগী দেশগুলোর পণ্যের তুলনায় কোন দেশের পণ্য কেনা বেশি লাভজনক, সেটিও বিবেচনা করেন। ধরুন, বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক বসেছে, কিন্তু প্রতিযোগী কোনো দেশের পণ্যে ২৫ শতাংশ। সে ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানিকারকেরা তুলনামূলক সুবিধায় থাকবেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ ও কম্বোডিয়ার জন্য সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক বিবেচনা করা হচ্ছে। থাইল্যান্ডের ক্ষেত্রেও একই হার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ভারতের জন্য সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ভিয়েতনামের জন্য ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে। তবে এগুলো সব পণ্যের ওপর প্রস্তাবিত সর্বোচ্চ হার, চূড়ান্ত পণ্যভিত্তিক শুল্ক নয়। কিছু পণ্যে ছাড়ের সুযোগও রাখা হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের প্রতিযোগিতায় বড় ধাক্কা নাও আসতে পারে বলে মনে করছেন অনেক রপ্তানিকারক।

    চীন বেশি পিছিয়ে পড়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠেছিলো,

    নিজেদের সক্ষমতায় বড় ধরনের লাফ দিয়ে নয়।

    কিন্তু বড় উদ্বেগটি অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে ভিয়েতনামের অংশ প্রায় ২২ শতাংশ, আর বাংলাদেশের প্রায় সাড়ে ১১ শতাংশ। চলতি বছরের শুরুতে বাংলাদেশ চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী হয়েছিল। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এ অবস্থান ধরে রাখলেও আগস্টে চীন আবার বাংলাদেশকে ছাড়িয়ে যায়। ওটেক্সার জানুয়ারি-আগস্টের হিসাবে, যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে ভিয়েতনামের অংশ ২২.৪ শতাংশ, চীনের ১১.৫ শতাংশ এবং বাংলাদেশের ১১ শতাংশ। আট মাসে চীন ৫.৬৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যেখানে বাংলাদেশের রপ্তানি ছিল ৫.৩৯ বিলিয়ন ডলার। তবে একজন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তির মন্তব্য এখানে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বাংলাদেশের এই অগ্রগতি নিজেদের উৎপাদন বা প্রতিযোগিতার সক্ষমতা হঠাৎ অনেক বেড়ে যাওয়ার কারণে নয়, বরং চীনের রপ্তানি আরও দ্রুত কমে যাওয়ায়। অর্থাৎ চীন বেশি পিছিয়ে পড়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠেছিলো, নিজেদের সক্ষমতায় বড় ধরনের লাফ দিয়ে নয়।

    বিজিএমইএ সভাপতিও স্বীকার করেছেন, পণ্য সরবরাহে সময় বা লিড টাইম এবং বেশি মূল্য সংযোজিত পোশাক তৈরির ক্ষেত্রে ভিয়েতনাম ও কম্বোডিয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফলে শুধু শুল্কের হারে সুবিধা থাকলেই প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায় না। সময়মতো পণ্য সরবরাহ, পণ্যের মান এবং উচ্চমূল্যের পোশাক তৈরির সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

    যুক্তরাজ্যে প্রবৃদ্ধি সামান্য হলেও ইতিবাচক

    যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা কমে গেলে বা শুল্ক বাড়লে অন্য দেশে পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ কতটা রয়েছে, সেটিও বিবেচনা করা দরকার। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক এখনো শূন্য শুল্কে প্রবেশের সুবিধা পায়। কিন্তু সেখানে চাহিদা দুর্বল এবং গত অর্থবছরে রপ্তানিও কমেছে। ফলে ইউরোপকে পুরোপুরি নিরাপদ বিকল্প বাজার ভাবার সুযোগ নেই।

    যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। সেখানে প্রবৃদ্ধি সামান্য হলেও ইতিবাচক। জাপান, কানাডা ও অস্ট্রেলিয়ার বাজার তুলনামূলক ছোট। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, কানাডায় বাংলাদেশ থেকে প্রায় ১৩০ কোটি ডলারের, জাপানে ১১০ কোটি ডলারের এবং অস্ট্রেলিয়ায় ৭০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। তিনটি বাজার মিলিয়েও রপ্তানির পরিমাণ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় ৭৭০ কোটি ডলারের পোশাক রপ্তানির অর্ধেকের কম।

    নতুন বাজারে প্রবেশের জন্য শুধু ক্রেতা পেলেই হয় না;

    তাদের পছন্দ অনুযায়ী,

    নতুন নকশা, মাপ, মান নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্সের শর্ত পূরণ করতে হয়।

    অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে হঠাৎ চাহিদা কমে গেলে এই তিন দেশে রাতারাতি রপ্তানি বাড়িয়ে ঘাটতি পূরণ করা সম্ভব নয়। নতুন বাজারে প্রবেশের জন্য শুধু ক্রেতা পেলেই হয় না। তাদের পছন্দ অনুযায়ী নতুন নকশা, মাপ, মান নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্সের শর্ত পূরণ করতে হয়। ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্কও গড়ে তুলতে হয়। এসব প্রস্তুতি এক দিনে সম্ভব নয়।

    ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে যেসব বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানি করে, সেগুলোকে সাধারণত অপ্রচলিত বাজার বলা হয়। এখনো এসব বাজারে যায় মোট পোশাক রপ্তানির প্রায় ১৬ শতাংশ। তবে সেখানে কিছু ইতিবাচক প্রবণতাও রয়েছে। গত আগস্টে অপ্রচলিত বাজারগুলোতে এক মাসে রেকর্ড ৬৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জাপানসহ পাঁচটি বাজারে রপ্তানি বেড়েছে প্রায় ১০ শতাংশ। এ ছাড়া জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যদিও এর অনুমোদন এখনো বাকি।

    তিন চতুর্থাংশ রপ্তানি এলডিসি সুবিধার ওপর নির্ভরশীল

    বাংলাদেশের পোশাক রপ্তানির বড় একটি অংশ এখনো শুল্কছাড়ের সুবিধার ওপর নির্ভরশীল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় তিন-চতুর্থাংশ কোনো না কোনোভাবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে পাওয়া বাণিজ্য সুবিধার আওতায় পড়ে। এমন নির্ভরতা অন্য কোনো এলডিসির ক্ষেত্রে দেখা যায় না।

    বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা ছিল চলতি বছরের ২৪ নভেম্বর। তবে গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় আরও তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন সাধারণত উত্তরণের পরও তিন বছর অতিরিক্ত বাণিজ্য সুবিধা দিয়ে থাকে। যুক্তরাজ্যও একই ধরনের সুবিধা দেবে বলে জানা যাচ্ছে।

    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো

    আগামী কয়েক বছরে এলডিসি সুবিধা হারানোর পর আন্তর্জাতিক বাজারে

    প্রতিযোগিতায় টিকে থাকা।

    এটি বাংলাদেশের জন্য স্বস্তির খবর। তবে বাড়তি সময় পাওয়ার অর্থ এই নয় যে প্রস্তুতির প্রয়োজন কমে গেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যতিক্রমী সিদ্ধান্তের বিপরীতে ব্যতিক্রমী কর্মদক্ষতাও দেখাতে হবে। তিনি সতর্ক করেছেন, ভবিষ্যতে আর বাড়তি সময় পাওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে এখন যে উদ্বেগ তৈরি হয়েছে, তার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো আগামী কয়েক বছরে এলডিসি সুবিধা হারানোর পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা।

    দশটা দোকান, কিন্তু সবখানে একই জিনিস

    এবার আসা যাক পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮১ শতাংশই তৈরি পোশাক। এশীয় উন্নয়ন ব্যাংকের এক বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের শীর্ষ ১০০টি রপ্তানি পণ্যই মোট রপ্তানির ৯০ শতাংশের বেশি দখল করে আছে। ভারতে এই হার ৭৩ শতাংশ এবং ভিয়েতনামে ৮৪ শতাংশ।

    এখানে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা কাজে আসে, যার নাম আধুনিক পোর্টফোলিও তত্ত্ব। অর্থনীতিবিদ হ্যারি মার্কোউইৎজ ১৯৫২ সালে এই তত্ত্বের মাধ্যমে দেখিয়েছিলেন, বিনিয়োগ বিভিন্ন খাতে ছড়িয়ে দিলে ঝুঁকি কমানো যায়। তবে এর জন্য বিনিয়োগের ক্ষেত্রগুলো এমন হতে হবে, যেগুলো একই সময়ে একইভাবে ওঠানামা করে না।

    শুধু ক্রেতার দেশ বাড়ালেই ঝুঁকি কমে না,

    পণ্যের বৈচিত্র্যও থাকতে হয়।

    বিষয়টি সহজ করে বললে, আপনি যদি ১০টি দেশে ১০টি দোকান খোলেন, কিন্তু সব দোকানেই শুধু টি-শার্ট ও ট্রাউজার বিক্রি করেন, তাহলে বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে গেলে সব দোকানেই বিক্রি কমবে। অর্থাৎ শুধু ক্রেতার দেশ বাড়ালেই ঝুঁকি কমে না, পণ্যের বৈচিত্র্যও থাকতে হয়। যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরে ইউরোপে বেশি মনোযোগ দিলেই তাই বাংলাদেশের রপ্তানি ঝুঁকি কমবে না। এতে শুধু ক্রেতার ঠিকানা বদলাবে, মূল নির্ভরতা একই থাকবে।

    তাহলে সমাধান কী?

    বাংলাদেশের রপ্তানির বড় দুর্বলতা অতিরিক্ত নির্ভরশীলতা। তবে এই নির্ভরতা শুধু যুক্তরাষ্ট্রের বাজারকে ঘিরে নয়। বরং তিনটি জায়গায় আমাদের ঝুঁকি তৈরি হয়েছে। প্রথমত, একটি প্রধান পণ্য বা তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা। দ্বিতীয়ত, দুই-তিনটি বড় ক্রেতা অঞ্চলের ওপর রপ্তানির বড় অংশ নির্ভরশীল। তৃতীয়ত, শুল্কছাড়ের সুবিধার ওপর ব্যাপক নির্ভরতা।

    এর মধ্যে যুক্তরাষ্ট্র এমন একটি বাজার, যেখানে এলডিসি হিসেবে বিশেষ শুল্ক সুবিধা ছাড়াই বাংলাদেশ প্রতিযোগিতা করে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারীর অবস্থানে উঠেছে। তাই এই বাজার থেকে সরে আসা কোনো সমাধান হতে পারে না। বরং সেখানে প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়াতে হবে।

    এর জন্য দ্রুত পণ্য সরবরাহের সক্ষমতা বা লিড টাইম কমানো, বেশি মূল্য সংযোজিত পোশাক উৎপাদন এবং চামড়া ও কৃষিপণ্যের মতো নতুন রপ্তানি খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মতো নতুন বাণিজ্যিক সুযোগ দ্রুত কাজে লাগাতে হবে। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করলে শুল্কছাড় পাওয়ার যে প্রস্তাবের কথা শোনা যাচ্ছে, সেটিও কীভাবে এবং কবে কার্যকর হবে, তা এখনো পরিষ্কার নয়।

    সবশেষে প্রশ্নটি হলো, বাংলাদেশের রপ্তানি কি এমনভাবে বৈচিত্র্যময় করা সম্ভব, যেখানে একটি বাজারে চাহিদা কমে গেলে কিংবা একটি পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হলে পুরো রপ্তানি খাত সংকটে না পড়ে? কারণ ঝুঁকি কমাতে শুধু নতুন বাজার খুঁজলেই হবে না, রপ্তানির ঝুড়িতে নতুন পণ্যও যোগ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    আর্থিক চাপ কমাতে এলএনজি টার্মিনাল নয়, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের

    নভেম্বর 29, 2026
    মতামত

    ১৩৬ দেশে রোটা টিকা, বাংলাদেশে এখনো বেসরকারি বাজারনির্ভরতা: শিশুদের সুরক্ষায় পিছিয়ে কেন রাষ্ট্র?

    নভেম্বর 29, 2026
    বাণিজ্য

    আমদানি বাড়লেও রমজানের আগেই ছোলার কেজি ১০০ টাকা ছাড়াল

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.