Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানি বাড়লেও রমজানের আগেই ছোলার কেজি ১০০ টাকা ছাড়াল
    বাণিজ্য

    আমদানি বাড়লেও রমজানের আগেই ছোলার কেজি ১০০ টাকা ছাড়াল

    নিউজ ডেস্কনভেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় দুই মাস বাকি। অথচ এরই মধ্যে বাজারে বাড়তে শুরু করেছে রমজানের অন্যতম প্রয়োজনীয় পণ্য ছোলার দাম। চট্টগ্রামের পাইকারি বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০১ টাকায়। গত বছর রমজানের সময় মানভেদে যে ছোলা ৬০ থেকে ৭২ টাকা কেজিতে বিক্রি হয়েছিল, এবার রমজান শুরুর আগেই সেই পণ্যের দাম অনেক বেড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গত তিন অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ছোলার আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাজারে এর প্রভাব পড়ছে না।

    ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং মূল্য বৃদ্ধি, জ্বালানির বাড়তি দাম এবং দেশের অভ্যন্তরে পরিবহন ও বন্দরের আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যটির দাম বাড়ছে। তবে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতারা এসব ব্যাখ্যা পুরোপুরি গ্রহণ করছেন না। তাঁদের মতে, আমদানিকারক থেকে শুরু করে পাইকারি ও খুচরা পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপে পণ্যের প্রকৃত মূল্য যাচাই করা প্রয়োজন।

    পাইকারি ও খুচরা বাজারে বাড়তি দাম

    চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের রমজানে প্রতি কেজি ছোলা মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এবার রমজান আসার দুই মাস আগেই দাম অনেক বেড়েছে।

    চলতি বছরের সেপ্টেম্বরে খাতুনগঞ্জে মাঝারি মানের ছোলা প্রতি কেজি ৮৫ টাকা এবং ভালো মানের ছোলা ৮৭ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১০১ টাকায়।

    খুচরা বাজারেও ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সময় ভালো মানের ছোলা প্রতি কেজি ১০৫ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে একই পণ্য কিনতে হচ্ছে ১২০ টাকায়। আগামী ২ ফেব্রুয়ারি আসন্ন রমজান শুরু হওয়ার কথা। তবে পাইকারি ব্যবসায়ীরা আশ্বাস দিচ্ছেন, রমজানের সময় ছোলার দাম কিছুটা কমে আসতে পারে।

    নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা মো. ইমতিয়াজ জানান, গত বছর রমজান শুরুর প্রায় এক সপ্তাহ আগে তিনি খুচরা দোকান থেকে প্রতি কেজি ছোলা ১১০ টাকায় কিনেছিলেন। অথচ এবার রমজান আসার কয়েক মাস আগেই দাম বেড়ে ১২০ টাকা হয়েছে।

    তাঁর আশঙ্কা, রমজান শুরু হলে অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মতো ছোলার দামও আরও বাড়তে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের সংসার চালানো এমনিতেই কঠিন হয়ে পড়েছে। রমজানে বাড়তি খরচের চাপ নিয়ে তাই এখন থেকেই দুশ্চিন্তা তৈরি হচ্ছে।

    আমদানিতে রেকর্ড অগ্রগতি, তবু কেন দাম বাড়ছে?

    ছোলার বাজার পরিস্থিতির সঙ্গে আমদানির পরিসংখ্যানের একটি বড় পার্থক্য দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়ে গত চার অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ছোলা আমদানির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরে আমদানির পরিমাণ আগের তিন বছরের তুলনায় অনেক বেশি।

    চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে দেশে ছোলা আমদানি হয়েছিল ৩ হাজার ৫৩ টন। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১০ হাজার ৮৮৬ টন। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৭ হাজার ৪২৮ টনে।

    অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মাত্র চার মাসেই ছোলা আমদানি হয়েছে ৮৯ হাজার ৪৫১ টন। বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানির পরিমাণ ছিল বেশি। এ ছাড়া আরও ছোলা দেশে আসার অপেক্ষায় রয়েছে।

    চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, চলতি অর্থবছরে ছোলার আমদানি পরিস্থিতি বেশ ভালো। বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি বেড়েছে। আরও পণ্য আসার অপেক্ষায় রয়েছে। আমদানি করা ছোলার পাশাপাশি অন্যান্য পণ্যের গুণগত মানও পরীক্ষা করা হচ্ছে। মান যাচাইয়ে সন্তুষ্ট হওয়ার পরই আমদানিকারকদের ছাড়পত্র দেওয়া হচ্ছে।

    দাম বৃদ্ধির পেছনে কী বলছেন ব্যবসায়ীরা?

    খাতুনগঞ্জের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের মতে, ছোলার আমদানি ও সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যের বুকিং মূল্য বেড়েছে। দেশে পণ্য পরিবহনের ব্যয়ও বেড়েছে। এসব কারণে ছোলার বাজারে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। পাশাপাশি শীতকালে ছোলা ও ডালজাতীয় পণ্যের চাহিদা বাড়ায় দামের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।

    চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ মনে করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখনো আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচলের বিভিন্ন পথে রয়েছে। যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় রমজানের আগে ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    তিনি আরও বলেন, সাধারণ মানুষের আয় কমে যাওয়ায় বাড়তি দামের চাপ সামাল দেওয়া কঠিন হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে ডলারের বিনিময়মূল্য একেক রকম হওয়ায় আমদানিকারকেরা সমস্যায় পড়ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে কার্যকর পদক্ষেপ নিয়ে ডলারের বিনিময়মূল্যে সামঞ্জস্য নিশ্চিত করতে হবে।

    তাঁর মতে, বাজারে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে যথাসময়ে বাজার তদারকি নিশ্চিত করা প্রয়োজন। এসব উদ্যোগ কার্যকর না হলে ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।

    ব্যবসায়ীদের অজুহাত খতিয়ে দেখার দাবি

    ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন মনে করেন, পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রায়ই নানা অজুহাত সামনে আনেন। কিন্তু এসব কারণের বাস্তবতা যাচাই করা জরুরি।

    তাঁর মতে, আমদানিকারকেরা কত দামে ছোলা কিনেছেন, দেশে আনতে তাঁদের কত খরচ হয়েছে এবং পাইকারি ও খুচরা পর্যায়ে কত দামে বিক্রি হচ্ছে, তা বিস্তারিতভাবে পরীক্ষা করা উচিত।

    তিনি বলেন, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কথা। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই বাজার নিয়ন্ত্রণে প্রস্তুতি নিতে হবে। আগাম তদারকি ও কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সাধারণ মানুষ অন্তত কিছুটা স্বস্তি পাবেন।

    বাজার তদারকিতে অভিযান অব্যাহত

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানিয়েছেন, বাজার তদারকি ও অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের রসিদ, পণ্যের মেয়াদ এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

    কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    সব মিলিয়ে ছোলার আমদানি ও সরবরাহ পরিস্থিতি ভালো থাকার পরও দাম বাড়তে থাকায় বাজার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও পরিবহন ব্যয়ের প্রভাব থাকলেও এর আড়ালে অতিরিক্ত মুনাফা বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। রমজানের আগেই আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো না গেলে বাড়তি দামের চাপ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রের ১৮% শুল্ক: ধাক্কা সামলাতে পারবে বাংলাদেশ, নাকি বদলাতে হবে রপ্তানির কৌশল

    নভেম্বর 29, 2026
    বাণিজ্য

    আর্থিক চাপ কমাতে এলএনজি টার্মিনাল নয়, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের

    নভেম্বর 29, 2026
    বাণিজ্য

    খরচ সামলাতে হিমশিম, জ্বালানি তেলের কমিশন ৯ শতাংশ চান পাম্প মালিকরা

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.