স্কয়ার স্সিক্টিয়ারক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে এসব শেয়ার কিনবেন। বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ৬ জানুয়ারি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। রত্না পাত্র ও তপন চৌধুরী ভাই-বোন। তাঁরা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সন্তান। বাবার মৃত্যুর পর পরিবারের ব্যবসার দায়িত্ব এখন তাঁদের হাতেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেন শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম দাঁড়ায় ২০৯ দশমিক ৮০ টাকা। সে হিসাবে রত্না পাত্রের ঘোষিত ১০ লাখ শেয়ারের বাজারমূল্য প্রায় ২০ কোটি ৯৮ লাখ টাকা। অন্যদিকে তপন চৌধুরীর ঘোষিত ২০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪০ কোটি টাকা।
এই ঘোষণাগুলো বাজারে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

