আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে পরিচালিত বিভিন্ন প্রচারণার স্বীকৃতি হিসেবে এশিয়ার মর্যাদাপূর্ণ বিপণন পুরস্কার আয়োজনে পাঁচটি স্বর্ণপদক অর্জন করেছে দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ২০২৬ সালের ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়ার পাঁচটি পৃথক বিভাগে এ সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।
পুরস্কারপ্রাপ্ত প্রচারণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্বীকৃতি পেয়েছে বিকাশ অ্যাপের হালনাগাদ সংস্করণ নিয়ে পরিচালিত উদ্যোগটি। এই একটি প্রচারণার জন্যই তিনটি স্বর্ণপদক জিতেছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ড পরিচিতি ও গ্রাহক অভিজ্ঞতা, সমাজ-সংস্কৃতি ও সামাজিক প্রভাব এবং প্রভাবশালী ব্যক্তি ও সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করার মতো তিনটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়েছে।
এ ছাড়া ঈদ উপলক্ষে পরিচালিত বিশেষ প্রচারণার জন্যও স্বর্ণপদক পেয়েছে বিকাশ। এ উদ্যোগে প্রতিষ্ঠানের পরিবেশক পর্যায়ের বিক্রয় কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছিল। সমাজের প্রভাবশালী ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কাজে লাগানোর ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে উপবিভাগটিতে এ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে বিকাশের সঞ্চয়সংক্রান্ত প্রচারণা গণমাধ্যম ও যোগাযোগমাধ্যম ব্যবহারের বিভাগে স্বর্ণপদক পেয়েছে।
ভারতের গ্রামীণ বিপণন সমিতি আয়োজিত ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়ায় এশিয়ার উদীয়মান বাজারগুলোর বিভিন্ন বিপণন ও যোগাযোগ কার্যক্রমের সৃজনশীলতা, বাস্তবায়ন এবং পরিমাপযোগ্য প্রভাব বিবেচনা করে পুরস্কার দেওয়া হয়। ২০০৫ সাল থেকে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।
একই আয়োজনে পাঁচটি স্বর্ণপদক অর্জন বিকাশের প্রচারণাগুলোর গ্রহণযোগ্যতা এবং আর্থিক সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

