Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি সামান্য কমলেও কমছে না মানুষের জীবনযাত্রার ব্যয়
    অর্থনীতি

    মূল্যস্ফীতি সামান্য কমলেও কমছে না মানুষের জীবনযাত্রার ব্যয়

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। অক্টোবর মাসে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির গতি কিছুটা কমায় সার্বিক মূল্যস্ফীতিও আগের মাসের তুলনায় নেমে এসেছে। তবে এই পরিসংখ্যানকে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হিসেবে দেখার সুযোগ কম। কারণ, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও বাড়িভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যয় বেড়েছে। একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির গতি। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান আরও বাড়ছে, যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ পরিবারগুলো।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশে বার্ষিক ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি সামান্য কমেছে। এর প্রধান কারণ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হ্রাস। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ, যা অক্টোবরে কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ।

    নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য খাদ্যপণ্যের দামে এই কিছুটা ধীরগতি ইতিবাচক। কারণ, এসব পরিবারের আয়ের বড় অংশই খাবার কেনার পেছনে ব্যয় হয়। কিন্তু খাদ্যপণ্যে চাপ কমলেও অন্যান্য প্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। অর্থাৎ সংসারের অন্যান্য খরচের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

    মূল্যস্ফীতি কমা মানেই পণ্যের দাম কমা নয়

    মূল্যস্ফীতির হার কমেছে বলে বাজারে পণ্য ও সেবার দাম কমে গেছে—বিষয়টি এমন নয়। বরং আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমেছে মাত্র। সাধারণ মানুষের ব্যয়ের বাস্তব চিত্র বুঝতে হলে সামগ্রিক ভোক্তা মূল্যসূচকের দিকেও নজর দিতে হবে।

    পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, জাতীয় পর্যায়ে সাধারণ ভোক্তা মূল্যসূচক সেপ্টেম্বরে ১৫৩ দশমিক ৩৩ থাকলেও অক্টোবরে বেড়ে হয়েছে ১৫৬ দশমিক ১৩। অর্থাৎ মূল্যস্ফীতির বার্ষিক হার সামান্য কমার মধ্যেও মানুষের কেনাকাটার সামগ্রিক ব্যয় বেড়েছে।

    আরও উদ্বেগের বিষয় হলো, মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ১ দশমিক ১২ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ৩৪ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৯১ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ০ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৫ শতাংশে। অর্থাৎ বার্ষিক হিসাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাম্প্রতিক মাসে পণ্য ও সেবার দাম বাড়ার চাপ বরং বেড়েছে।

    বাড়িভাড়া, পরিবহন ও চিকিৎসায় বাড়তি চাপ

    ব্যয়ের বিভিন্ন খাত বিশ্লেষণ করলে সাধারণ মানুষের ওপর চাপের বিষয়টি আরও স্পষ্ট হয়। অক্টোবরে বাসস্থান, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

    পরিবহন খাতেও ব্যয় বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে এ খাতের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৬ শতাংশ থাকলেও অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩২ শতাংশে। হোটেল ও রেস্তোরাঁ খাতে মূল্যস্ফীতি ১৩ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৪ দশমিক ১৭ শতাংশ। পোশাক ও জুতার ক্ষেত্রে এ হার ১০ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে। স্বাস্থ্যসেবা খাতেও মূল্যস্ফীতি ৩ দশমিক ৭৩ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৩৮ শতাংশ হয়েছে।

    এসব খাতের ব্যয় সাধারণ পরিবারের জন্য এড়িয়ে যাওয়ার সুযোগ খুবই সীমিত। বাজারে খাবারের দাম বাড়লে কেউ কেউ তুলনামূলক কম দামের পণ্য কিনে কিংবা খাবারের পরিমাণ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়িভাড়া, বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত ও চিকিৎসার খরচ সহজে কমানো যায় না। ফলে এসব খাতে ধারাবাহিক মূল্যবৃদ্ধি পরিবারের সামগ্রিক বাজেটকে আরও চাপে ফেলছে।

    গ্রামেও বাড়ছে জীবনযাত্রার ব্যয়

    গ্রাম ও শহরের মূল্যস্ফীতির তুলনাতেও উদ্বেগের বিষয় রয়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। শহরাঞ্চলে এ হার ছিল ৮ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি সামান্য বেশি।

    দুই অঞ্চলেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। অক্টোবরে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৭ শতাংশ এবং শহরে ৬ দশমিক ৪২ শতাংশ। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্যে ও সেবার ব্যয় দুই অঞ্চলেই বেড়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯ দশমিক ৫৭ শতাংশ থাকলেও অক্টোবরে বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। শহরাঞ্চলে একই সময়ে তা ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে।

    গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির এই বৃদ্ধি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, গ্রামের অনেক পরিবার কৃষিকাজ ও অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর নির্ভরশীল। এসব পরিবারের আয় সাধারণত নির্দিষ্ট নয়। ফলে পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবার খরচ বাড়লে তাদের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

    আয় বাড়ার চেয়ে ব্যয় বাড়ছে দ্রুত

    সর্বশেষ মূল্যস্ফীতির পরিসংখ্যানে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো মজুরি বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির ব্যবধান। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, অক্টোবরে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জাতীয় মজুরি হার সূচকের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ।

    অন্যদিকে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ শ্রমজীবী মানুষের মজুরি যে হারে বাড়ছে, দ্রব্যমূল্য ও সেবার ব্যয় বাড়ছে তার চেয়ে বেশি হারে। এর ফলে প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।

    খাতভিত্তিক হিসাবেও একই চিত্র দেখা যায়। অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৬২ শতাংশ এবং সেবা খাতে ৭ দশমিক ৯৬ শতাংশ। তিনটি খাতের কোনোটিতেই মজুরি বৃদ্ধির হার জাতীয় মূল্যস্ফীতির ৮ দশমিক ২৭ শতাংশকে ছাড়াতে পারেনি।

    এর অর্থ হলো, আগের তুলনায় আয় কিছুটা বাড়লেও সেই অর্থ দিয়ে সমপরিমাণ পণ্য ও সেবা কেনা সম্ভব হচ্ছে না। বাড়তি ব্যয়ের সঙ্গে তাল মেলাতে অনেক পরিবারকে সঞ্চয় ভাঙতে হচ্ছে, ঋণ করতে হচ্ছে কিংবা দৈনন্দিন খরচ কমাতে হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য খাবার, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠতে পারে।

    শুধু মূল্যস্ফীতির হার কমালেই হবে না

    সামগ্রিক মূল্যস্ফীতির সামান্য পতনকে স্বস্তির লক্ষণ হিসেবে দেখার আগে এর পেছনের বাস্তব পরিস্থিতি বিবেচনা করা জরুরি। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির গতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে চাপ অব্যাহত রয়েছে। তার ওপর মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম থাকায় সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা আরও দুর্বল হচ্ছে।

    এ পরিস্থিতি মোকাবিলায় শুধু মুদ্রানীতি কঠোর রাখা কিংবা খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ যথেষ্ট নয়। পণ্য পরিবহন ও বাজারজাতকরণ ব্যয় কমানো, সরবরাহব্যবস্থায় বিঘ্ন দূর করা, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কারসাজি নিয়ন্ত্রণ এবং বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখার উদ্যোগ নিতে হবে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাফল্য শুধু পরিসংখ্যানের মাধ্যমে বিচার করলে চলবে না। সাধারণ মানুষ তাদের আয় দিয়ে প্রয়োজনীয় পণ্য ও সেবা কতটা কিনতে পারছে, সেটিই হওয়া উচিত প্রকৃত মূল্যায়নের ভিত্তি।

    সর্বশেষ পরিসংখ্যান বলছে, বাংলাদেশ এখনো সেই স্বস্তির জায়গায় পৌঁছাতে পারেনি। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে না গেলে এবং বাড়িভাড়া, পরিবহন, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যয় নিয়ন্ত্রণে না এলে মূল্যস্ফীতির হার কমলেও মানুষের জীবনে তার সুফল খুব বেশি দৃশ্যমান হবে না। প্রকৃত অর্থনৈতিক স্বস্তি তখনই আসবে, যখন মানুষের আয় বাড়বে, ক্রয়ক্ষমতা ফিরবে এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামলানো সহজ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আর্থিক সেবার আওতায়

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    সরকার বদলায়, বদলায় না টোল আদায়ের হিসাব-এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সেতুতে একই চিত্র

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    জ্বালানি, ঋণ ও পরিবহন ব্যয়ে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.