রাজধানীর আদাবরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিংহ শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ইসহাক জোমাদ্দার নিহত হন। মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শাহজাহান ওমর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যেতে না পারেন—এ জন্য তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে বলা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে।
মামলার নথি অনুযায়ী, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় আদাবর থানায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো।

