স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মজিবুর রহমান ও তাঁর স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা হবে এসব মামলা। দুই মামলায় মোট ১০ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টাকার সম্পদের হিসাব নিয়ে অভিযোগ আনা হচ্ছে।
বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, মজিবুর রহমানের দখলে থাকা ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকার সম্পদের সঙ্গে তাঁর জ্ঞাত আয়ের অসঙ্গতি রয়েছে।
সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান চালায় দুদক।
সংস্থাটির অভিযোগ, মজিবুর রহমান অসাধু উপায়ে এসব সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
স্ত্রীর বিরুদ্ধেও মামলা
দুদকের অনুসন্ধানে তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদকের অভিযোগ, স্বামীর সহায়তায় তাসরীন এসব সম্পদ অসাধু উপায়ে অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এ ঘটনায় তাসরীন মুজিবকে প্রধান আসামি এবং মজিবুর রহমানকে সহযোগী আসামি করে পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
দ্বিতীয় মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় করার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, মজিবুর রহমান ও তাঁর স্ত্রীর নামে থাকা অসঙ্গতিপূর্ণ সম্পদের মোট মূল্য ১০ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টাকা।

