টেলিগ্রামে চাকরির প্রস্তাব। এরপর দেওয়া হয় একটি লিংক। দেখতে সেটি পরিচিত একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মতো। সেই লিংকে প্রবেশের পর নানা কৌশলে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামি জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড়কে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁদের রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
যেভাবে প্রতারণার অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৪ আগস্ট টেলিগ্রাম অ্যাপের একটি আইডি থেকে মেহেদী হক লিয়নের কাছে ‘জেলেস জুয়েলারি’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব আসে।
চাকরিতে আগ্রহী হয়ে মেহেদী ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট সম্পর্কে খোঁজ নেন। পরে কথিত চাকরিদাতারা তাঁকে একটি লিংক দেন।
অভিযোগে বলা হয়েছে, লিংকটি ছিল একটি ফিশিং লিংক। এর মাধ্যমে মেহেদীকে একটি ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয়।
এরপর বিভিন্ন কৌশলে ধাপে ধাপে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাত করা হয়েছে বলে দাবি বাদীর।
ঘটনার পর ভুক্তভোগী মেহেদী হক লিয়ন (৪৯) চলতি বছরের ৩ জানুয়ারি পল্টন থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ কথিত প্রতারক চক্রের দুই সদস্যকে শনাক্ত করে। পরে কিশোরগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে জুলহাস উদ্দিন ও প্রহড়কে গ্রেপ্তার করা হয়।

