মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আগামী ১০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন আজ প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই তারিখ নির্ধারণ করেন।
মামলাটির অভিযোগে বলা হয়েছে, চুক্তির মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
মামলায় সাবেক মন্ত্রী ও কর্মকর্তারা
২০২৫ সালের ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব এম এ এন ছিদ্দিকসহ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া মামলায় অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান ও মো. আব্দুস সালামের নাম রয়েছে।
সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবালও মামলার আসামি।
৪৮৯ কোটি টাকার বেশি বিল
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, আগের বৈধ দরপত্র বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন চুক্তি করা হয়।
চুক্তিতে সিএনএস লিমিটেডকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নয়, মোট আদায় করা টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দেওয়ার ব্যবস্থা করা হয়। এর বাইরে ভ্যাট ও আইটি খরচও ছিল।
এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ৪৮৯ কোটি টাকার বেশি বিল পায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আগের চুক্তির সঙ্গে বড় পার্থক্য
মামলার তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই সেতুর টোল আদায়ের দায়িত্ব এমবিইএল এটিটি কোম্পানিকে দেওয়া হয়েছিল। তখন পাঁচ বছরে এই কাজে ব্যয় হয়েছিল ১৫ কোটি টাকার কিছু বেশি।
অন্যদিকে, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড তিন বছরের জন্য ৬৭ কোটি টাকায় টোল আদায়ের চুক্তি পায়।
এই চুক্তির মেয়াদ পাঁচ বছর ধরা হলে ব্যয় দাঁড়ায় প্রায় ১১২ কোটি টাকা।
দুদকের মামলার অভিযোগ, এই তুলনায় সিএনএস লিমিটেডকে একক উৎসভিত্তিক চুক্তিতে টোল আদায়ের দায়িত্ব দেওয়ায় সরকারের ৩০৯ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

