দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া ইমা ক্লেয়ারের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং সেই সম্পদ নিজের কাছে রাখার অভিযোগও রয়েছে। এসব অভিযোগে দুদক গত বছরের ৪ জুন মামলা করে।
দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে ইমা ক্লেয়ারের গোপনে দেশ ছাড়ার চেষ্টা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহে সমস্যা হতে পারে। এতে তদন্তও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

