২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
তিন সাংবাদিক হলেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৪ আগস্ট তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়। সেই অনুযায়ী তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে আন্দোলনকারীদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।
এরপর আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্রসিকিউশনের দাবি, এসব বক্তব্যের মাধ্যমে উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই ও আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

