চট্টগ্রামের পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় শিশু সোহাগ। ওই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বরই খাওয়ানোর কথা বলে সোহাগকে ওই ঘরে নিয়ে যান ইমন। সেখানে শিশুটিকে বলাৎকারের পর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন তিনি। এতে সোহাগের মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় ইমনের বয়স ছিল ২০ বছর।
মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন। ইমন পলাতক থাকায় আদালত রাষ্ট্রের পক্ষ থেকে তাঁর জন্য আইনজীবী নিয়োগ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইরফানুল হুদা ফারুকী।

