সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় কয়েকটি অপরাধের শাস্তি কমানো এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাব করা হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া সংশোধন এবং আবার জনমত গ্রহণের জন্য প্রকাশ করাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে শুধু শাস্তির মেয়াদ কমালেই একটি আইন গ্রহণযোগ্য হয়ে ওঠে না। কোন কাজকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, অপরাধের সংজ্ঞা কতটা স্পষ্ট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কী ধরনের ক্ষমতা দেওয়া হচ্ছে, সেগুলোও বিবেচনায় নেওয়া জরুরি। এসব প্রশ্নে নতুন খসড়ায় এখনো উদ্বেগের জায়গা রয়েছে।
খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর থেকে কমিয়ে পাঁচ বছর এবং মানহানির শাস্তি পাঁচ বছর থেকে দুই বছর করার প্রস্তাব রয়েছে। জরিমানার পরিমাণও কমানোর কথা বলা হয়েছে। কিন্তু সমালোচনা বা ব্যঙ্গের কারণে কাউকে ফৌজদারি মামলায় জড়ানোর সুযোগ থাকলে শাস্তি কমানো খুব বেশি পরিবর্তন আনবে না। মামলা, গ্রেপ্তার, জামিনের অনিশ্চয়তা এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়াই একজনের জন্য শাস্তি হয়ে উঠতে পারে। তাই আইনের নিবর্তনমূলক চরিত্র দূর করতে হলে অপরাধের তালিকা ও সংজ্ঞায় মৌলিক পরিবর্তন আনতে হবে।
গুজবের সংজ্ঞা থেকে ‘অসমর্থিত তথ্য’ শব্দগুলো বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি আগের তুলনায় কিছুটা অগ্রগতি। তবে ‘উত্তেজনা’ বা ‘সামাজিক অস্থিরতা’ সৃষ্টির মতো শব্দের প্রয়োগ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সরকারের ব্যর্থতা বা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পরও জনমনে ক্ষোভ তৈরি হতে পারে। সেই প্রতিক্রিয়াকে অপরাধের ভিত্তি হিসেবে ব্যবহারের সুযোগ রাখা উচিত নয়। ইচ্ছাকৃত প্রতারণা কিংবা সহিংসতায় সরাসরি উসকানি এবং সংবাদ, মতামত ও সমালোচনার মধ্যে স্পষ্ট পার্থক্য থাকতে হবে।
মানহানির সংজ্ঞায় ‘গঠনমূলক সমালোচনার সীমা’ অতিক্রমের বিষয়টি যুক্ত করাও উদ্বেগজনক। কোন সমালোচনা গঠনমূলক, তা নির্ধারণের দায়িত্ব কার? সংশ্লিষ্ট ব্যক্তির অসন্তুষ্টিই কি সমালোচনাকে অপরাধে পরিণত করবে? মিম, ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচারকে উপহাসের অভিযোগে অপরাধের আওতায় আনার সুযোগ থাকলে রাজনৈতিক ব্যঙ্গও ঝুঁকির মুখে পড়বে। কারও চেহারা বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অবমাননা নিন্দনীয়। তবে এ ধরনের আচরণের প্রতিকারের বিধান যেন ক্ষমতাবানদের সমালোচনা থেকে রক্ষার হাতিয়ার না হয়। মানহানির জন্য কারাদণ্ডের বিধান বাদ দিয়ে উপযুক্ত দেওয়ানি প্রতিকারের ব্যবস্থা করা প্রয়োজন।
নিবন্ধিত সংবাদমাধ্যমে প্রকাশিত কনটেন্টের কারণে কাউকে গ্রেপ্তারের আগে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়া এবং মামলা শুরুর আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রস্তাব কিছুটা স্বস্তিদায়ক। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা শুধু নিবন্ধিত সংবাদমাধ্যমের কর্মীদের জন্য নয়। ফ্রিল্যান্স সাংবাদিক, স্বাধীন লেখক ও সাধারণ নাগরিকেরও সমান সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সংবাদমাধ্যমের নিবন্ধন নাগরিক অধিকারের মানদণ্ড হতে পারে না। পাশাপাশি সংবাদকক্ষে তল্লাশি এবং সাংবাদিকদের যন্ত্রপাতি জব্দের ক্ষেত্রেও কার্যকর বিচারিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যথায় সংবাদসূত্রের গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে।
কনটেন্ট অপসারণের ক্ষেত্রে ‘দেশের মর্যাদা’ ও ‘জনশৃঙ্খলা’র মতো অস্পষ্ট শব্দ প্রশাসনকে ব্যাপক ক্ষমতা দেওয়ার সুযোগ তৈরি করতে পারে। কোনো কনটেন্ট সরানোর সিদ্ধান্ত নেওয়ার সময়ই তার কারণ জানানো, দ্রুত আপিল এবং স্বাধীন বিচারিক পর্যালোচনার ব্যবস্থা থাকা প্রয়োজন। একইভাবে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় হামলার ঘটনায় প্রমাণ সংরক্ষণের জরুরি প্রয়োজন থাকতে পারে। তবে বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা কঠোর শর্ত এবং দ্রুত বিচারিক পর্যালোচনার অধীন রাখতে হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ভিন্নমত দমনের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের সামনে রয়েছে। আইনের নাম পরিবর্তন বা শাস্তি কমিয়ে সেই ব্যবস্থার পুনরাবৃত্তি গ্রহণযোগ্য হতে পারে না। সরকারকে অংশীজনদের মৌলিক আপত্তিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধের আইনে মানহানি, ব্যঙ্গ এবং অস্পষ্টভাবে সংজ্ঞায়িত গুজবকে ফৌজদারি অপরাধ হিসেবে রাখার বিধান বাদ দেওয়া প্রয়োজন। আইনের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, সমালোচকদের কণ্ঠরোধ করা নয়।

