প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের দুটি প্রধান প্রত্যাশা রয়েছে। প্রথমত, তিনি যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, একইভাবে বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে ফিরিয়ে নিক। এ ক্ষেত্রে সামরিক বিমান পাঠানো অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে সেনাসদস্যদের মাধ্যমে তাঁকে গ্রহণ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তাঁর আপিল করার সুযোগ এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও অস্বস্তি তৈরি হয়েছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় ভারত আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল নয়াদিল্লি। তবে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেও সে উদ্যোগ সফল হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে ভারত তাঁকে হস্তান্তর করতে চায় না। বরং তাঁর নতুন করে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। এ বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের নজরদারিতে সম্পন্ন হোক, সেটিও ভারতের প্রত্যাশা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর নিরাপত্তার বিষয়টিও ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, প্রত্যাবর্তনের পর তাঁর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী নেবে, এমন নিশ্চয়তা চায় নয়াদিল্লি। এ ক্ষেত্রে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সম্পর্ককে কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় রয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন করেছিল। তবে প্রত্যর্পণ চুক্তির আইনি দিক পর্যালোচনার কথা জানিয়ে তখন সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আসামি হিসেবে তাঁকে সরাসরি বাংলাদেশের কোনো বিমানে তুলে দিতে চায় না ভারত। এতে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের কাছে নেতিবাচক বার্তা যাওয়ার আশঙ্কাও রয়েছে ভারতের নীতিনির্ধারকদের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক মাস ধরে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন বলে দাবি করা হয়েছে। ভারতীয় সামরিক সূত্রের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিশ্চিত করার বিষয়টি এসব আলোচনার অন্যতম উদ্দেশ্য ছিল।
এদিকে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এর আগে একাধিকবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এই যোগাযোগ শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে বলে ভারতীয় সূত্রের ধারণা।
বিবিসি বাংলার প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার পর শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে তাঁর প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে ভারতের কর্মকর্তাদের মধ্যে সংশয় রয়েছে। জ্বালানি সংকট, পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে তাঁরা মনে করছেন।
নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতের শর্তগুলো পূরণ না হওয়ায় ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন হতে পারে। তারপরও তাঁর ফেরার ইচ্ছার ঘোষণায় ভারত সম্মতি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ সরকার তাঁকে ফিরিয়ে নিতে আগ্রহী নয়, এমন যুক্তি তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার ঘোষণাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁর প্রত্যাবর্তন সম্ভব না হলেও ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক যুক্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

