বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮ বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশে বাল্যবিবাহের বিরুদ্ধে সাধারণ নিষেধাজ্ঞা থাকলেও বিশেষ পরিস্থিতির ব্যতিক্রমটি পুরোপুরি ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়নি। এ ক্ষেত্রে আদালতের নির্দেশ, অভিভাবকের সম্মতি এবং নির্ধারিত যাচাই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।
বিয়ের ন্যূনতম বয়স কত
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ২ ধারায় বিয়ের ক্ষেত্রে নারী ও পুরুষের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী, ২১ বছর পূর্ণ করেননি এমন পুরুষ এবং ১৮ বছর পূর্ণ করেননি এমন নারী অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন।
আইনের সংজ্ঞা অনুযায়ী, বিয়ের যেকোনো এক পক্ষ অপ্রাপ্তবয়স্ক হলেই সেটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে। অর্থাৎ, বর ও কনের মধ্যে একজনের বয়স নির্ধারিত সীমার নিচে থাকলেও বিয়েটি আইনের আওতায় পড়বে।
এখানে বয়স নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, সামাজিক সম্মতি, পারিবারিক সিদ্ধান্ত কিংবা দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও নির্ধারিত বয়স পূর্ণ না হলে সাধারণ নিয়মে বিয়ে করার আইনগত সুযোগ নেই।
বাল্যবিবাহ করলে কার কী শাস্তি
বাল্যবিবাহ নিরোধ আইনের ৭ ধারায় বাল্যবিবাহে অংশগ্রহণকারী নারী ও পুরুষের শাস্তির বিধান রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে শাস্তির ধরন আলাদা।
কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে তাঁকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রয়েছে।
অন্যদিকে, কোনো অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে সর্বোচ্চ এক মাসের আটকাদেশ অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে তাঁদের বিচার ও শাস্তির ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুসরণ করতে হবে।
এ ক্ষেত্রে আইনের ৭ ধারায় একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা রাখা হয়েছে। ৮ ধারার অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হলে অথবা তাঁকে দণ্ড দেওয়া হলে সংশ্লিষ্ট অপ্রাপ্তবয়স্ক বর বা কনেকে শাস্তি দেওয়া যাবে না।
এই বিধানের মাধ্যমে আইনটি শিশুকে অপরাধের জন্য দায়ী করার পাশাপাশি বিয়ে আয়োজন ও সম্পাদনে যাঁদের ভূমিকা রয়েছে, তাঁদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।
অভিভাবক ও বিয়ে সম্পাদনকারীর দায় কতটুকু
বাল্যবিবাহের ক্ষেত্রে শুধু বর ও কনের দায় নির্ধারণ করেই আইনটি থেমে থাকেনি। শিশুর ওপর কর্তৃত্ব রয়েছে এমন ব্যক্তি এবং বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে।
আইনের ৮ ধারা অনুযায়ী, বাবা-মা, অভিভাবক কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর আইনগত বা আইনবহির্ভূতভাবে কর্তৃত্ব রয়েছে এমন কেউ বাল্যবিবাহ সম্পন্ন করতে কোনো কাজ করলে, অনুমতি দিলে বা নির্দেশ দিলে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। এমনকি নিজের অবহেলার কারণে বিয়ে বন্ধ করতে ব্যর্থ হলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ অপরাধের শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে।
অন্যদিকে, ৯ ধারায় বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তির শাস্তির বিধান রয়েছে। এ অপরাধের জন্যও সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।
অর্থাৎ, কোনো কাজি বা অন্য কোনো ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করলে তাঁর ভূমিকা অনুযায়ী আইনের ৯ ধারায় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
বাল্যবিবাহ নিবন্ধন করলে কাজির কী শাস্তি
বিয়ের নিবন্ধন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনের ১১ ধারায় বিবাহ নিবন্ধকের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে।
কোনো বিবাহ নিবন্ধক বাল্যবিবাহ নিবন্ধন করলে তাঁর সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি তাঁর লাইসেন্স বা নিয়োগ বাতিল হবে।
এখানে ৯ ও ১১ ধারার মধ্যে পার্থক্য রয়েছে। ৯ ধারা বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তির দায় নির্ধারণ করে। আর ১১ ধারা বিশেষভাবে বিবাহ নিবন্ধকের দায় নিয়ে কাজ করে।
বাল্যবিবাহ বন্ধ করতে পারে কারা
বাল্যবিবাহের আয়োজন চলছে এমন তথ্য পাওয়া গেলে তা বন্ধ করার জন্য আইনে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
বাল্যবিবাহ নিরোধ আইনের ৪ ধারা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করলে কিংবা অন্য কোনো মাধ্যমে বাল্যবিবাহের খবর পেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবস্থা নিতে পারবেন।
এ ছাড়া আইনের ৫ ধারায় আদালতকে বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে বা বিয়ে আসন্ন বলে আদালত নিশ্চিত হলে নিজ উদ্যোগে অথবা অভিযোগের ভিত্তিতে বিয়েটি বন্ধের নির্দেশ দিতে পারেন।
বয়স প্রমাণে কোন দলিল গ্রহণযোগ্য
বিয়ের ক্ষেত্রে বয়স নিয়ে বিরোধ দেখা দিলে কোন দলিলের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে, তা আইনের ১২ ধারায় উল্লেখ রয়েছে।
এ ক্ষেত্রে আইনগতভাবে গ্রহণযোগ্য দলিলগুলো হলো: জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, SSC বা সমমানের পরীক্ষার সনদ, JSC বাঁ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ বা সমমানের পরীক্ষার সনদ, পাসপোর্ট।
এসব দলিলের মাধ্যমে বিয়ের পক্ষগুলোর বয়স যাচাই করা যায়। তাই বিয়ের আয়োজনের আগে বয়স নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, আইনগতভাবেও গুরুত্বপূর্ণ।
বিশেষ পরিস্থিতিতে বাল্যবিবাহের অনুমতি কখন পাওয়া যায়
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। কারণ, এই ধারায় বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়েকে আইনের অধীন অপরাধ হিসেবে গণ্য না করার সুযোগ রাখা হয়েছে।
ধারাটিতে বলা হয়েছে, বিধিমালায় নির্ধারিত বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে আদালতের নির্দেশ এবং বাবা-মা অথবা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিতে বিয়ে সম্পন্ন হলে তা বাল্যবিবাহ নিরোধ আইনের অধীন অপরাধ হবে না।
তবে এই বিধানকে অপ্রাপ্তবয়স্কের বিয়ের সাধারণ অনুমতি হিসেবে দেখার সুযোগ নেই। শুধু বাবা-মায়ের সম্মতি, পারিবারিক সিদ্ধান্ত কিংবা ছেলে ও মেয়ের নিজেদের ইচ্ছা থাকলেই এ ধারায় বিয়ে করা যাবে না। এখানে আদালতের নির্দেশ এবং বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।
অর্থাৎ, ১৯ ধারার মূল শর্ত হলো অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা। বিয়েটি তাঁর জন্য প্রয়োজনীয় এবং সর্বশেষ বিকল্প কি না, সেটিও বিবেচনায় নিতে হবে।
বিশেষ বিধানে বিয়ের অনুমতি পেতে যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে
বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮-এর ১৭ বিধিতে বিশেষ বিধানের অধীনে বিয়ের অনুমতি পাওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।
এই বিধান অনুযায়ী, উভয় পক্ষের বাবা-মা বা আইনগত অভিভাবক আবেদন করতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কসহ উভয় পক্ষ অথবা বর ও কনেও যৌথভাবে উপযুক্ত আদালতে আবেদন করতে পারবেন। আবেদনে বিয়ের কারণ উল্লেখ করতে হবে। এ বিষয়ে কোনো দলিল বা প্রমাণ থাকলে তা আবেদনের সঙ্গে জমা দেওয়া যাবে।
আদালত আবেদন পাওয়ার পর বিষয়টি যাচাইয়ের জন্য অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ যাচাই কমিটির কাছে পাঠাবেন।
প্রত্যেক উপজেলায় এ কমিটি গঠনের বিধান রয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মনোনীত একজন চিকিৎসক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত একজন কিশোর ও একজন কিশোরী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা থাকেন।
কমিটিকে আবেদন পাওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে।
বিধিমালার ১৭(৩)(গ) অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্ব হলো বিয়েটি অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে এবং সর্বশেষ বিকল্প হিসেবে বিবেচিত হওয়ার মতো কি না, তা যাচাই করা। যাচাই শেষে কমিটি সুস্পষ্ট মতামতসহ আদালতে প্রতিবেদন জমা দেবে।
প্রতিবেদন পাওয়ার পর আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে বিশেষ পরিস্থিতিতে বিয়েটি অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে সমীচীন, তাহলে আদালত অনুমতি দিতে পারবেন। প্রয়োজনে আদালত আরও তদন্ত বা পুনঃতদন্তের নির্দেশ দিতে পারেন।
অর্থাৎ, যাচাই কমিটির প্রতিবেদন ইতিবাচক হলেই বিয়ের অনুমতি নিশ্চিত হয়ে যায় না। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আদালতের।
যেসব পরিস্থিতিতে বিশেষ বিধানের সুযোগ নেই
বিশেষ বিধানের অধীনে বিয়ের আবেদন করলেই আদালত অনুমতি দেবেন, এমন নয়। বিধিমালায় কয়েকটি পরিস্থিতিতে বিয়ের অনুমতি না দেওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮-এর ১৭(৩)(গ) অনুযায়ী, নিচের পরিস্থিতিগুলো থাকলে যাচাই কমিটি নির্ধারিত বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না করার পক্ষে মতামত দিয়ে আদালতে প্রতিবেদন দেবে।
প্রথমত, বিয়েটি জোরপূর্বক সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হলে।
দ্বিতীয়ত, ধর্ষণ, অপহরণ কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের কারণে বিয়ের আবেদন করা হলে।
তৃতীয়ত, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ধর্ষণ, অপহরণ বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনসংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে।
এসব ক্ষেত্রে যাচাই কমিটির দায়িত্ব হলো বিয়ের অনুমতি না দেওয়ার বিষয়ে আদালতে মতামত দেওয়া। ফলে কোনো অপরাধের অভিযোগ চাপা দিতে কিংবা ভুক্তভোগীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিয়েতে বাধ্য করতে ১৯ ধারাকে ব্যবহার করার সুযোগ নেই।
বিশেষ বিধানের অপব্যবহারের ঝুঁকি কোথায়
বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ রক্ষার কথা বললেও এর প্রয়োগ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।
বিশেষ পরিস্থিতি বলতে ঠিক কোন কোন পরিস্থিতি বোঝানো হবে, আইন ও বিধিমালায় তার একটি পূর্ণাঙ্গ তালিকা নেই। আবার বিশেষ বিধানটি কোন বয়সের অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সেটিও নির্দিষ্ট করে বলা হয়নি।
এ কারণে বিধানটির অপব্যবহারের আশঙ্কা নিয়ে নারী ও শিশু অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নারী বিষয়ক সংস্কার কমিশনসংক্রান্ত সুপারিশেও ১৯ ধারা এবং ২০১৮ সালের বিধিমালার ১৭ বিধির কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত তদারকির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বিশেষ পরিস্থিতির সংজ্ঞা পুনর্বিবেচনা এবং অপব্যবহার ঠেকাতে যৌক্তিক শর্ত আরোপের বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ নির্ধারণের ক্ষেত্রে শুধু পারিবারিক সম্মতি যথেষ্ট নয়। তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, ভবিষ্যৎ জীবন এবং স্বাধীন মতামত বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে কোনো ধরনের চাপ বা জবরদস্তি রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।
আইনটির মূল উদ্দেশ্য কী
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর মূল লক্ষ্য অপ্রাপ্তবয়স্কদের বিয়ে প্রতিরোধ করা এবং এ ধরনের বিয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা। এ জন্য আইনটিতে বিয়ের ন্যূনতম বয়স, শাস্তি, প্রশাসনিক ক্ষমতা, বয়স প্রমাণের দলিল এবং আদালতের নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ১৯ ধারার বিশেষ বিধানকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ বিবেচনার সুযোগ থাকে। কিন্তু এই ব্যতিক্রম যেন বাল্যবিবাহের সাধারণ পথ হয়ে না ওঠে, সেটিও নিশ্চিত করা জরুরি।
সুতরাং, বাংলাদেশের আইনে বাল্যবিবাহ সাধারণভাবে নিষিদ্ধ। বিশেষ পরিস্থিতিতে বিয়ের সুযোগ থাকলেও তা বাবা-মা, অভিভাবক কিংবা অপ্রাপ্তবয়স্কের একক সিদ্ধান্তে কার্যকর হয় না। আদালতের নির্দেশ, যাচাই কমিটির প্রতিবেদন, অভিভাবকের সম্মতি এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করলেই কেবল ১৯ ধারার সুবিধা পাওয়া সম্ভব।

