অসদাচরণের অভিযোগে কোনো শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করতে হলে মালিককে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। লিখিত অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ, নিরপেক্ষ তদন্ত এবং নির্ধারিত সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক। এসব শর্ত লঙ্ঘিত হলে শ্রমিক শ্রম আদালতে প্রতিকার চাইতে পারেন। তবে অধিকার থাকলেও নির্ধারিত সময়ে অভিযোগ না করলে আইনি প্রতিকারের সুযোগ হারানোর ঝুঁকি রয়েছে।
কর্মক্ষেত্রে অসদাচরণের অভিযোগ নতুন কিছু নয়। দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ, প্রতিষ্ঠানের সম্পদের অপব্যবহার কিংবা অন্য কোনো অভিযোগে মালিকপক্ষ শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। তবে অভিযোগ উঠলেই কোনো শ্রমিককে ইচ্ছামতো চাকরিচ্যুত করার ক্ষমতা মালিকের নেই। অভিযোগের সত্যতা যাচাই এবং শাস্তি দেওয়ার আগে আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এ এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে অভিযোগের লিখিত কপি দেওয়া, আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সময় দেওয়া কিংবা নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ ধাপ উপেক্ষিত হয়। অন্যদিকে, চাকরি হারানোর পর কোথায় অভিযোগ করতে হবে এবং কত দিনের মধ্যে করতে হবে, সে বিষয়েও অনেক শ্রমিকের স্পষ্ট ধারণা নেই।
ফলে আইনের সুরক্ষা থাকা সত্ত্বেও প্রক্রিয়াগত ভুল এবং সময়সীমা সম্পর্কে অজ্ঞতার কারণে শ্রমিক প্রতিকার থেকে বঞ্চিত হতে পারেন।
অসদাচরণের অভিযোগে বরখাস্ত করতে হলে আইনে কী বলা আছে?
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩ ধারায় শ্রমিকের অসদাচরণের জন্য শাস্তির বিধান রয়েছে। কোনো শ্রমিকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে মালিক তাঁকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। তবে বরখাস্তই একমাত্র শাস্তি নয়। অপরাধের ধরন ও গুরুত্ব বিবেচনায় পদাবনতি, পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ স্থগিত, অপসারণ, সাময়িক বরখাস্ত কিংবা জরিমানার মতো শাস্তিও দেওয়া যেতে পারে।
তবে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকলেই মালিক নিজের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো ব্যবস্থা নিতে পারেন না। এ ক্ষেত্রে শ্রম আইনের ২৪ ধারা অনুসরণ করা বাধ্যতামূলক।
এই ধারায় বলা হয়েছে,
|
কোনো শ্রমিকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠলে প্রথমে অভিযোগ লিখিতভাবে জানাতে হবে; অভিযোগের একটি কপি শ্রমিককে দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের জন্য অন্তত সাত দিন সময় দিতে হবে, পাশাপাশি তাঁকে ব্যক্তিগতভাবে শুনানির সুযোগ দিতে হবে। |
এরপর অভিযোগের বিষয়ে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগ যাচাই করে শ্রমিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, তা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ২৯ বিধিতেও এ-সংক্রান্ত প্রক্রিয়ার নির্দেশনা রয়েছে।
অর্থাৎ, শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে বরখাস্ত করা যায় না। অভিযোগ প্রমাণের জন্য আইনসম্মত তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হয়।
তদন্ত কমিটিতে মালিক ও শ্রমিকের সমান প্রতিনিধিত্ব
বরখাস্তের প্রক্রিয়ায় তদন্ত কমিটির নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রম আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, তদন্ত কমিটিতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয়। দুই পক্ষের প্রতিনিধির সংখ্যা সমান হওয়া প্রয়োজন।
কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানে তদন্ত কমিটি গঠনের সময় শুধু মালিকপক্ষের প্রতিনিধিদের রাখা হয়। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, যে পক্ষ অভিযোগ এনেছে, সেই পক্ষের প্রতিনিধিরাই যদি পুরো তদন্ত পরিচালনা করেন, তাহলে শ্রমিকের বক্তব্য যথাযথ গুরুত্ব পেয়েছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হতে পারে।
এখানে স্বাভাবিক ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ নীতি প্রাসঙ্গিক। নীতিটি হলো, কেউ নিজের মামলার বিচারক হতে পারেন না। অর্থাৎ, অভিযোগকারী পক্ষের প্রভাবমুক্ত থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
তদন্ত কমিটিতে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব না থাকলে কিংবা আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করলে সেই তদন্তের বৈধতা চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হতে পারে।
হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়: টিটাস গ্যাসের কর্মীর বরখাস্ত কেন টেকেনি?
শ্রমিক বরখাস্তের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের গুরুত্ব তুলে ধরেছে হাইকোর্ট বিভাগের একটি রায়। টিটাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য মামলায় (রিট পিটিশন নং ২৮২৩/২০২৫) আদালত নিয়োগকর্তার বিরুদ্ধে শ্রম আইনের প্রক্রিয়াগত শর্ত লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৬ সালের ১ জুলাই এ রায় দেন।
মামলার বিবরণ অনুযায়ী, টিটাস গ্যাসের একজন পরিদর্শকের বিরুদ্ধে ২০০৭ সালে ভুয়া গ্যাস বিলের রসিদ তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি।
পরবর্তী সময়ে শ্রম আদালত ২০২২ সালে ওই কর্মীকে বেতনসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। ২০২৫ সালে শ্রম আপিল ট্রাইব্যুনালও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর প্রতিষ্ঠানটি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করে।
হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির সময় দেখা যায়, সংশ্লিষ্ট কর্মীকে লিখিত অভিযোগের কপি দেওয়া হয়নি। আত্মপক্ষ সমর্থনের জন্য আইন অনুযায়ী অন্তত সাত দিন সময় দেওয়ার কথা থাকলেও তাঁকে দেওয়া হয়েছিল মাত্র চার দিন।
আদালত এসব ত্রুটিকে সাধারণ কারিগরি ভুল হিসেবে বিবেচনা করেননি। বরং আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করাকে কার্যধারার মৌলিক ত্রুটি হিসেবে দেখেছেন। কর্মী তদন্তে অংশ নিয়েছিলেন বলে তিনি পরবর্তী সময়ে এসব অনিয়মের বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার হারিয়েছেন, কোম্পানির এমন যুক্তিও আদালত গ্রহণ করেননি।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আইন শ্রমিককে যে সুরক্ষা দিয়েছে, তা তিনি স্পষ্টভাবে পরিত্যাগ না করলে শুধু তদন্তে অংশগ্রহণের কারণে সেই অধিকার হারিয়েছেন বলে ধরে নেওয়া যায় না। একই সঙ্গে অভিযোগ প্রমাণের জন্য কোম্পানি নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও আদালত উল্লেখ করেন।
কোম্পানির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, তদন্তে কোনো ত্রুটি থাকলে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্টের রতন লাল শর্মা বনাম ম্যানেজিং কমিটি মামলার নজিরও তুলে ধরা হয়।
তবে হাইকোর্ট মনে করেন, ১৮ বছরের বেশি সময় পর নতুন করে তদন্তের নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি আগের ত্রুটি সংশোধনের আরেকটি সুযোগ পাবে। এতে সংশ্লিষ্ট শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব চাকরি বিধিতে বড় ধরনের শাস্তির আগে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা অনুসরণ করা হয়নি।
রায়টিতে স্পষ্ট হয়েছে, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব বিধি কিংবা শ্রম আইন অনুযায়ী বাধ্যতামূলক প্রক্রিয়া উপেক্ষা করে শুধু অসদাচরণের অভিযোগের ভিত্তিতে বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা যায় না। এটি সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় ও আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকারের সঙ্গেও সম্পর্কিত।
চাকরি হারালে কোথায় অভিযোগ করবেন? ৩৩ ধারার তিনটি ধাপ
বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার পেতে শ্রমিককে শ্রম আইনের ৩৩ ধারা অনুসরণ করতে হয়। এ ধারায় অভিযোগ নিষ্পত্তির জন্য তিনটি পর্যায় নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি পর্যায়ের জন্য আলাদা সময়সীমা রয়েছে।
প্রথম ধাপ: ৩০ দিনের মধ্যে মালিকের কাছে অভিযোগ
শ্রমিক বরখাস্তের বিষয়টি জানার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মালিকের কাছে লিখিত অভিযোগ করতে পারবেন। অভিযোগটি রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে। তবে সরাসরি মালিকের কাছে জমা দিলে রেজিস্টার্ড ডাকের প্রয়োজন নেই।
দ্বিতীয় ধাপ: মালিকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা
অভিযোগ পাওয়ার পর মালিককে ৩০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এ সময় মালিকের সিদ্ধান্তে শ্রমিক সন্তুষ্ট না হলে অথবা নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি না হলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ তৈরি হবে।
তৃতীয় ধাপ: শ্রম আদালতে অভিযোগ
মালিকের সিদ্ধান্ত পাওয়ার পর অথবা নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না পেলে শ্রমিক পরবর্তী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শ্রম আদালতে লিখিত অভিযোগ করতে পারবেন।
অর্থাৎ, শ্রমিকের জন্য শুধু বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করাই যথেষ্ট নয়। প্রথমে মালিকের কাছে অভিযোগ জানানো এবং পরবর্তী সময়ে প্রয়োজন হলে শ্রম আদালতের শরণাপন্ন হওয়া বাধ্যতামূলক।
এখানে সময়সীমা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ৩০ দিনের মধ্যে মালিকের কাছে অভিযোগ না করলে পরবর্তী সময়ে শ্রম আদালতে করা অভিযোগ গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে পারে। একইভাবে শ্রম আদালতে অভিযোগ করার শেষ সময় পেরিয়ে গেলে প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত হয়ে যায়।
আগে ১৯৬৫ সালের শ্রম নিয়োগ (স্থায়ী আদেশাবলি) আইনের ২৫ ধারায় এ ধরনের অভিযোগের জন্য ১৫ দিনের সময়সীমা ছিল। পরবর্তী সময়ে আইনটি রহিত করা হয় এবং বর্তমান শ্রম আইনে অভিযোগের প্রক্রিয়া নির্ধারিত হয়েছে।
২০২৬ সালের শ্রম আইন সংশোধন: কী পরিবর্তন এসেছে?
বাংলাদেশের শ্রম আইনে ২০২৬ সালে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। ২০২৫ সালের সংশোধনী অধ্যাদেশের ধারাবাহিকতায় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল পাস হয় ৯ এপ্রিল ২০২৬। পরবর্তী সময়ে এটি বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ হিসেবে ৪৩ নম্বর আইন হিসেবে প্রণীত হয়।
সংশোধনীতে শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ১৯৬ক ধারা সংযোজনের মাধ্যমে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিশোধমূলক আচরণ ও বৈষম্য প্রতিরোধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া ২৩ থেকে ২৭ ধারাসংক্রান্ত বিধানেও সংশোধনের বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষ করে শাস্তি, ক্ষতিপূরণ ও নোটিশসংক্রান্ত বিধান শ্রমিকের অধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ।
তবে সংশোধিত আইনের আলোকে কোনো নির্দিষ্ট মামলায় প্রতিকার চাইতে হলে সংশ্লিষ্ট ধারার সর্বশেষ গেজেটভুক্ত পাঠ অনুসরণ করা জরুরি। বিশেষ করে ২৩, ২৪ ও ৩৩ ধারার ক্ষেত্রে পুরোনো ও সংশোধিত বিধানের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি না, তা যাচাই না করে আইনি পদক্ষেপ নেওয়া উচিত নয়।
ভারতে শ্রমিক বরখাস্তের প্রক্রিয়া ও প্রতিকার
ভারতেও শ্রমিকের চাকরি থেকে বরখাস্তের ক্ষেত্রে ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশটিতে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, ২০২০ কার্যকর হয়েছে। এর মাধ্যমে শিল্প বিরোধ আইন, ১৯৪৭ এবং শিল্পসংক্রান্ত আরও কয়েকটি পুরোনো আইন একীভূত করা হয়েছে।
কোডটির ৪ ধারায় ২০ বা তার বেশি শ্রমিক নিয়োজিত রয়েছে, এমন প্রতিষ্ঠানে অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠনের বিধান রয়েছে। কমিটিতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সমান প্রতিনিধিত্ব থাকতে হবে এবং সদস্যসংখ্যা ১০ জনের বেশি হতে পারবে না।
এ ছাড়া শ্রমিকের চাকরি থেকে বরখাস্ত বা চাকরিচ্যুতির বিষয়ও শিল্প বিরোধের আওতায় পড়ে। নির্ধারিত শর্ত পূরণ করে বিরোধ উত্থাপন করলে শ্রমিক সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রতিকার চাইতে পারেন।
ভারতের সুপ্রিম কোর্টও বিভিন্ন রায়ে শুনানির সুযোগ ও ন্যায়সংগত তদন্তের গুরুত্ব তুলে ধরেছেন।
দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশন বনাম ডিটিসি মজদুর কংগ্রেস মামলায় (১৯৯১ সাপ্লিমেন্ট ১ এসসিসি ৬০০) আদালত কারণ না দেখিয়ে এবং শুনানির সুযোগ না দিয়ে স্থায়ী কর্মীর চাকরি শেষ করার বিধানকে অবৈধ ঘোষণা করেন।
একইভাবে উপট্রন ইন্ডিয়া লিমিটেড বনাম শামি ভান মামলায় ((১৯৯৮) ৬ এসসিসি ৫৩৮) আদালত চাকরি থেকে বরখাস্তের ক্ষেত্রে ন্যায়বিচারের নীতি ও যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।
এসব রায় থেকে স্পষ্ট, চাকরি থেকে বরখাস্তের ক্ষেত্রে শুধু অভিযোগ থাকাই যথেষ্ট নয়। অভিযোগের ভিত্তি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া নিশ্চিত করাও জরুরি।
যুক্তরাজ্য: অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে আইনি সুরক্ষা
যুক্তরাজ্যের Employment Rights Act 1996-এর ৯৪ ধারায় কর্মীদের অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে সুরক্ষার অধিকার দেওয়া হয়েছে। ৯৮ ধারা অনুযায়ী, কোনো কর্মীকে বরখাস্ত করতে হলে নিয়োগকর্তাকে গ্রহণযোগ্য কারণ দেখাতে হয়। আচরণ, কর্মদক্ষতা কিংবা প্রতিষ্ঠানের পরিচালনাগত প্রয়োজনের মতো বিষয় এ ক্ষেত্রে বিবেচিত হতে পারে।
তবে গ্রহণযোগ্য কারণ থাকলেই বরখাস্তের সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে ন্যায়সংগত হয়ে যায় না। সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও যুক্তিসংগত ও ন্যায্য হতে হয়।
Polkey v AE Dayton Services Ltd ([1988] AC 344) মামলায় যুক্তরাজ্যের হাউস অব লর্ডস স্পষ্ট করেন, বরখাস্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়টি সিদ্ধান্তের ন্যায্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ।
দেশটির Acas Code of Practice অনুযায়ী, কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে লিখিতভাবে জানানো, শুনানির সুযোগ দেওয়া এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা উচিত। এসব নির্দেশনা অযৌক্তিকভাবে অনুসরণ না করলে ট্রাইব্যুনাল ক্ষতিপূরণ সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।
এ ছাড়া Employment Rights Act 2025-এর মাধ্যমে অন্যায্য বরখাস্তের অভিযোগ করার যোগ্যতা অর্জনের সময়সীমা দুই বছর থেকে কমিয়ে ছয় মাস করার বিধান আনা হয়েছে। এ পরিবর্তন ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের সঙ্গে তুলনা করলে যুক্তরাজ্যে অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আলাদা আইনি কাঠামো এবং আপিলের সুযোগ রয়েছে। অন্যদিকে বাংলাদেশে শ্রমিককে প্রথমেই ৩০ দিনের মধ্যে মালিকের কাছে লিখিত অভিযোগ জানাতে হয়।
যুক্তরাষ্ট্র: বেসরকারি খাতে সুরক্ষা তুলনামূলক সীমিত
যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যে বেসরকারি খাতে নিয়োগের ক্ষেত্রে সাধারণত ‘অ্যাট উইল এমপ্লয়মেন্ট’ নীতি অনুসরণ করা হয়। এর অর্থ, কোনো চুক্তি বা আইনি বিধানে ভিন্ন কিছু না থাকলে নিয়োগকর্তা নির্দিষ্ট কারণ ছাড়াও কর্মীর চাকরি শেষ করতে পারেন। তবে বৈষম্য, প্রতিশোধমূলক আচরণ কিংবা আইন দ্বারা নিষিদ্ধ অন্য কোনো কারণে চাকরি থেকে বাদ দেওয়ার সুযোগ নেই।
অন্যদিকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়ার সাংবিধানিক সুরক্ষা রয়েছে।
ক্লিভল্যান্ড বোর্ড অব এডুকেশন বনাম লাউডারমিল (৪৭০ ইউএস ৫৩২, ১৯৮৫) মামলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেন, চাকরিতে আইনগত স্বত্ব বা অধিকার রয়েছে, এমন কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত করার আগে অভিযোগ জানাতে হবে, অভিযোগের পক্ষে প্রমাণের ব্যাখ্যা দিতে হবে এবং তাঁর বক্তব্য শোনার সুযোগ রাখতে হবে।
এ ছাড়া মন্টানা অঙ্গরাজ্যের Wrongful Discharge from Employment Act-এ নিয়োগকর্তার নিজস্ব লিখিত নীতি লঙ্ঘন করে চাকরি থেকে বরখাস্তের বিরুদ্ধে সুরক্ষা রয়েছে।
বাংলাদেশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, দেশটির শ্রম আইন বেসরকারি খাতের শ্রমিকদের জন্যও লিখিত অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং তদন্তের মতো সুনির্দিষ্ট সুরক্ষা নিশ্চিত করেছে।
আইনে অধিকার থাকলেও প্রতিকার পেতে এত দীর্ঘ অপেক্ষা কেন?
শ্রমিকের চাকরি হারানোর পর আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সময়মতো অভিযোগ করা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা।
অনেক শ্রমিক জানেন না, বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে মালিকের কাছে অভিযোগ জানাতে হয়। আবার অনেকে লিখিত অভিযোগ, তদন্ত কমিটি কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার মতো আইনি অধিকার সম্পর্কেও সচেতন নন।
অন্যদিকে শ্রম আদালতে মামলা নিষ্পত্তির সময়সীমা নির্ধারিত থাকলেও বাস্তবে অনেক মামলায় দীর্ঘ সময় লেগে যায়। আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশনা থাকলেও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা শ্রমিকের ভোগান্তি বাড়ায়।
টিটাস গ্যাসের আলোচিত মামলাটিই এর একটি উদাহরণ। ২০০৭ সালে চাকরি থেকে বরখাস্ত হওয়া একজন কর্মীকে ২০২২ সালে শ্রম আদালত পুনর্বহালের নির্দেশ দেন। পরবর্তী সময়ে শ্রম আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টে বিষয়টি নিষ্পত্তি হতে আরও কয়েক বছর সময় লাগে।
একজন শ্রমিকের জন্য এত দীর্ঘ সময় ধরে চাকরি ও আর্থিক নিরাপত্তার অনিশ্চয়তা বহন করা কঠিন। তাই শুধু আইনি প্রতিকার নিশ্চিত করাই যথেষ্ট নয়, দ্রুত বিচার নিশ্চিত করাও জরুরি।
বরখাস্ত হলে শ্রমিকের করণীয় কী?
চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে প্রথমেই প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা উচিত। বিশেষ করে বরখাস্তের চিঠি, অভিযোগপত্র, কারণ দর্শানোর নোটিশ, তদন্তের প্রতিবেদন এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট লিখিত যোগাযোগের কপি সংগ্রহে রাখতে হবে।
এরপর কয়েকটি বিষয় যাচাই করা জরুরি।
১. বরখাস্তের আগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল কি না।
২. অভিযোগের জবাব দেওয়ার জন্য অন্তত সাত দিন সময় দেওয়া হয়েছিল কি না।
৩. ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়া হয়েছিল কি না।
৪. তদন্ত কমিটি আইন ও বিধিমালা অনুযায়ী গঠন করা হয়েছিল কি না।
৫. তদন্তে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছিল কি না।
৬. অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ ছিল কি না এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব চাকরি বিধি অনুসরণ করা হয়েছিল কি না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বরখাস্তের বিষয়টি জানার পর ৩০ দিনের মধ্যে মালিকের কাছে লিখিত অভিযোগ জমা দিতে হবে। অভিযোগ সরাসরি জমা দিলে গ্রহণের প্রমাণ রাখতে হবে। রেজিস্টার্ড ডাকযোগে পাঠালে ডাক রসিদ ও প্রাপ্তিস্বীকার সংরক্ষণ করা উচিত।
পরবর্তী সময়ে মালিকের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে কিংবা নির্ধারিত সময়ে সিদ্ধান্ত না পেলে শ্রম আইনের ৩৩ ধারা অনুযায়ী শ্রম আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে শ্রম আইন সম্পর্কে অভিজ্ঞ আইনজীবী অথবা সংশ্লিষ্ট শ্রম অধিদপ্তরের পরামর্শ নেওয়া যেতে পারে।
নতুন আইন নয়, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ জরুরি
শ্রমিকের চাকরি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু শাস্তিমূলক বিধান থাকলেই চলে না। অভিযোগ তদন্ত থেকে শুরু করে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত প্রতিটি পর্যায়ে ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
এ ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয় বরখাস্তের চিঠিতে শ্রমিকের অভিযোগ করার অধিকার, সংশ্লিষ্ট আইনের ধারা এবং ৩০ দিনের সময়সীমা উল্লেখ করার বিষয়ে নির্দেশনা দিতে পারে। এটি শ্রমিকের সচেতনতা বাড়ানোর একটি নীতিগত প্রস্তাব। একই সঙ্গে শ্রম অধিদপ্তর তদন্ত কমিটি গঠন ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারক করতে পারে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৫৮ নম্বর কনভেনশনের ৭ অনুচ্ছেদেও কোনো শ্রমিকের আচরণ বা কর্মদক্ষতার কারণে চাকরি শেষ করার আগে তাঁকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এটি কর্মক্ষেত্রে ন্যায়সংগত প্রক্রিয়ার একটি আন্তর্জাতিক মানদণ্ড।
বাংলাদেশের শ্রম আইনেও এ ধরনের সুরক্ষা রয়েছে। এখন প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, শ্রমিকের সচেতনতা এবং দ্রুত বিচার নিশ্চিত করা।
শেষ পর্যন্ত কোনো শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাঁর চাকরি হারানো অনিবার্য নয়। অভিযোগ প্রমাণের দায়িত্ব নিয়োগকর্তার এবং সেই প্রক্রিয়া হতে হবে আইনসম্মত। একইভাবে শ্রমিককেও নিজের অধিকার রক্ষায় নির্ধারিত সময়সীমা ও আইনি পদ্ধতি অনুসরণ করতে হবে। কারণ, কর্মক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে মালিকের ক্ষমতার সীমা যেমন থাকতে হবে, তেমনি শ্রমিকের অধিকার প্রয়োগের সুযোগও কার্যকর হতে হবে।

