শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান মেনে যোগ্য বিবেচিত কোনো প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটি বাতিল এবং শিক্ষকের এমপিও স্থগিত করার মতো ব্যবস্থাও নেওয়া যাবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত একটি রিটের শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রথম হলেও ম্যানেজিং কমিটি কোরাম সংকটের কারণ দেখিয়ে তাঁকে নিয়োগ দেয়নি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। রিট পিটিশনটির নম্বর ১১১৯৯। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন।
রিটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকসহ সাতজনকে বিবাদী করা হয়।
দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করেন। একই সঙ্গে রায়ে বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে সরাসরি রিট পিটিশন রক্ষণীয় নয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করতে আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
রায়ে বলা হয়, কোনো প্রার্থী আইনানুগ প্রক্রিয়ায় নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যৌক্তিক কারণ ছাড়া তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না।
এ ধরনের অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কমিটি বা কোনো ব্যক্তি জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবস্থা হিসেবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত করার বিষয়টিও রায়ে উল্লেখ করা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্যা মিয়া। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে. আর. খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

