ইংল্যান্ডের ঐতিহাসিক ব্লেনহেইম প্রাসাদ থেকে প্রায় ৪৮ লাখ পাউন্ড মূল্যের সোনার কমোড চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজন সদস্যকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০১৯ সালের সেপ্টেম্বরে অক্সফোর্ডশায়ারের এই প্রাসাদে অনুষ্ঠিত শিল্প প্রদর্শনীর কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাটি ঘটে।
জানা যায়, যুক্তরাজ্যের বিখ্যাত শিল্পী মৌরিজিও কাতেলানের সৃষ্ট সোনার কমোডটি ‘আমেরিকা’ শিরোনামে প্রদর্শিত হচ্ছিল। প্রদর্শনী উদ্বোধনের পরপরই দুটি চুরি করা গাড়ি ব্যবহার করে চোরেরা প্রাসাদের গেট ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কমোডটি উপড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় আদালত চুরির পরিকল্পনার জন্য মাইকেল জোন্স এবং চুরি করা সোনা বিক্রির পরিকল্পনার দায়ে ফ্রেড ডোকে দোষী সাব্যস্ত করে। অপর অভিযুক্ত বোরা গুচাককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত জেমস শিন গত বছর গ্রেপ্তার হলেও বর্তমানে পলাতক। বিবিসির এক অনুসন্ধান অনুসারে, ২০০৫ সাল থেকে অন্তত ছয়বার জেলে যাওয়া শিন একটি সংগঠিত অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে জালিয়াতি ও চুরির মাধ্যমে ৫০ লাখ পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চুরির ঘটনায় ব্যবহৃত তার পোশাক থেকে সোনার ভাঙা টুকরাও উদ্ধার করা হয়।
শিন আদালতে দোষ স্বীকার করেছেন এবং তার ডিএনএর নমুনা চুরির স্থান থেকে উদ্ধারকৃত আলামতের সঙ্গে মিলে গেছে বলে জানানো হয়েছে। তাকে আদালত ‘এই অপরাধের মূল চরিত্র’ বলে উল্লেখ করেছে।
এদিকে আদালতের শুনানিতে জানানো হয়, কমোডটি চুরির কয়েক দিনের মধ্যেই ভেঙে ফেলা হয় এবং সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়। এখন পর্যন্ত এর কোনো অংশ উদ্ধার সম্ভব হয়নি।
ঘটনার চার সপ্তাহ পর জামিনে মুক্ত শিন আবারও চুরি চালিয়ে যান। আট মাস পর সাফোকের নিউমার্কেট শহরের ন্যাশনাল হর্সরেসিং জাদুঘর থেকে প্রায় চার লাখ পাউন্ড মূল্যের সোনা ও রুপার ট্রফি চুরি করেন তিনি, যেগুলো এখনও উদ্ধার হয়নি।
উল্লেখ্য, ইউনেসকো স্বীকৃত ব্লেনহেইম প্রাসাদ যুক্তরাজ্যের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। শিল্পপ্রদর্শনী চলাকালে এমন চুরির ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল।

