ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করার অভিযোগে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ৬০২ মিলিয়ন ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন (ডিপিসি)। অভিযোগ, টিকটক ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠিয়েছে এবং এসব তথ্য চীনের নজরদারি থেকে সুরক্ষিত আছে কিনা, তা নিশ্চিত করেনি।
গত শুক্রবার ডিপিসি জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানায়, বাইটড্যান্সকে ছয় মাসের মধ্যে অবৈধ তথ্য স্থানান্তর বন্ধ করতে হবে। ৪ বছরের তদন্ত শেষে টিকটক প্রথমে দাবি করেছিল, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) ব্যবহারকারীদের তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হয় না। তবে, গত মাসে তারা জানায়, ২০২০-২০২২ সালের মধ্যে কিছু সীমিত তথ্য চীনের সার্ভারে রাখা হয়েছিল।
ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে বলেন, “টিকটক তাদের তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে।” টিকটক এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। তাদের দাবি, চীন কখনো ইউরোপীয় তথ্য চায়নি এবং তারা এই তথ্য প্রদানও করেনি।
এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটা তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে।

