গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যাংক শাখা ব্যবস্থাপককে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ব্যাংক খাতে। অভিযোগ উঠেছে, অপহরণকারীরা ব্যাংকের ভল্টের চাবি হাতিয়ে নিতে ওই কর্মকর্তার ওপর নির্মম নির্যাতন চালায়।
ঘটনার পর জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ব্যাংকারদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক আব্দুস সবুর গত বৃহস্পতিবার বিকেলে কর্মস্থল থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যানবাহনের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, অপহরণের পর কয়েক ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতরে তাকে মারধর করা হয়। তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয় বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হয়।
সংগঠনটির দাবি, ব্যাংকের ভল্টের চাবির অবস্থান জানতে চাপ প্রয়োগের জন্যই মূলত এই নির্যাতন চালানো হয়। পরে রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে জেবিএবি। বিশেষ করে যেসব কর্মকর্তা নগদ অর্থ ও ভল্ট ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন, তারা নিজেদের ঝুঁকির মধ্যে মনে করছেন। সংগঠনটি বলছে, সাম্প্রতিক সময়ে ব্যাংক কর্মকর্তাদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। তাই শুধু তদন্ত নয়, ব্যাংকারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন জরুরি হয়ে পড়েছে।
জেবিএবি কয়েকটি দাবি সামনে এনেছে। এর মধ্যে রয়েছে—দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ব্যাংক ব্যবস্থাপক ও ক্যাশিয়ারদের জন্য বাড়তি নিরাপত্তা, ভল্টের চাবি বহনকারী কর্মকর্তাদের জন্য ঝুঁকিভাতা এবং পদোন্নতিতে বিশেষ সুবিধা চালু করা। একই সঙ্গে আহত ব্যাংক কর্মকর্তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

