গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযানে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত প্রায় ৮টার দিকে তুরাগ নদের তীরবর্তী টঙ্গীর হাজি মাজার বস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশ ভ্যানে তোলার সময় বস্তির কিছু বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। এরপর পুলিশ নিরাপদে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়। অভিযানটি পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়ার সময় অতিরিক্ত জনসমাগম সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি আরও জানান, আটক ২০ জন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

